চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৪টি অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ হয়েছে। তবে এ সব অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়,শনিবার (১০ জানুয়ারী) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন(৫৩বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, শিবগঞ্জের মন্কাষা বিওপি শিবগঞ্জের মনোহরপুর গ্রাম থেকে ৬টি ও ফকিরপাড়া গ্রাম হতে ৪টি,মাসুদপুর বিওপি মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম হতে ৪টি এবং ওয়াহেদপুর বিওপি সদরের নারায়ানপুর ইউনিয়নের সূর্যনারায়নপুর তেররশিয়া গ্রাম হতে ২টি গরু জব্দ করে।
অধিনায়ক মুস্তাফিজ আরও বলেন, জব্দ গরুর বাজার মূল্য প্রায় ২৬ লক্ষ টাকা। এসব গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। তিনি বলেন, সীমান্তে যে কোন চোরচালান ঠেকাতে বিজিবি তীব্র শীত সত্বেও টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।