তীব্র কুয়াশার হিম-হাওয়া
শোকাতুর হয়ে নেমে আসে আকাশ।
বিষণ্ণ রাস্তা, গ্রাম, মাঠ, উপাসনালয়।
শহরের চোখের পাতায়
লবনাক্ত নদীর জোয়ার!
গ্রন্থিল মোড়ের কানে ফিস -ফিস আওয়াজ আপোষহীন, সুঠাম গনতন্ত্র-
দেশপ্রেম -
হে মাতৃকা, তোমারই কন্ঠে উচ্চারিত হয় মর্মস্পর্শী বাণী,
দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই,
এদেশের মাটি, মানুষই আমার সবকিছু -
হৃদয়ের স্পন্দনে হিল্লোলিত হয় দেশপ্রেম।
বেদনার পরশপাথরে, স্পর্শী দুপুর, কাঁপা- কাঁপা শীত রোদ।
অশ্রুশিক্ত জনতার মহাসমু্দ্রে অনন্ত মহাকালের পথে -
এক কিংবদন্তির রাজসিক বিদায়!