জান্নাতুল বাকিতে দাফন,শিরোমণি বাজার জামে মসজিদে জুম্মা বাদ মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি:
সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় ওমরাহ পালনরত অবস্থায় ইন্তেকাল করেছেন খুলনার খানজাহান আলী থানাধীন শিরোমণি উত্তরপাড়া নিবাসী আলহাজ্ব মুন্সী নওয়াব আলী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ১৯ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে পবিত্র জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণোগ্রাহী রেখে যান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে আলহাজ্ব মুন্সী নওয়াব আলী ও তার স্ত্রী একসাথে সৌদি আরবে যান। ওমরাহ পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি ইন্তেকাল করেন। জীবনসঙ্গীকে হারিয়ে স্ত্রী গভীর শোকে মর্মস্পর্শী হয়ে পড়েছেন; মদিনায় আকস্মিক মৃত্যুতে শিরোমণি উত্তরপাড়াসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের রুহের মাগফেরাত কামনায় শুক্রবার (২০ নভেম্বর) জুম্মার নামাজ শেষে শিরোমণি বাজার জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মরহুমের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে মসজিদের মুসল্লীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।