বুধবার, আগস্ট ২৬, ২০২৬

ঘন কুয়াশায় নৌপথ অচল, সারাদেশে নৌযান চলাচল বন্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-১২-২৮ ২২:০৬:১৯
ফাইল ছবি

ঘন কুয়াশাজনিত দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় সারাদেশে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তা মো. সোলায়মান জানান, কুয়াশার কারণে দৃশ্যমানতা বিপজ্জনক পর্যায়ে নেমে যাওয়ায় কোনো নৌযানকে চলাচলের অনুমতি দেওয়া হয়নি। একইসঙ্গে দেশের সব নদীবন্দর থেকে লঞ্চসহ অন্যান্য যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন নৌপথে একাধিক দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে চাঁদপুর ও নারায়ণগঞ্জ এলাকায় যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী কার্গোর সংঘর্ষে হতাহতের ঘটনা যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এসব পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে নৌ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত শুক্রবার মধ্যরাতের পর থেকে সংঘটিত কয়েকটি দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ছয়জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, নৌপথে কুয়াশা কেটে দৃশ্যমানতা স্বাভাবিক পর্যায়ে ফিরলে পরিস্থিতি পর্যালোচনা করে নৌযান চলাচল পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কীওয়ার্ডসঃনৌযান চলাচল বন্ধ,ঘন কুয়াশা,বিআইডব্লিউটিএ


এ জাতীয় আরো খবর