চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পদ্মা নদীর আলিমনগর ঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী ও পণ্যবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ছেড়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে বাধা একটি বালুবাহী বাল্কহেডে ধাক্কা দিলে নৌকার কিনারে বসা ভিক্ষু (৭০) নামে এক এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ১১ রশিয়া রুস্তম মন্ডল পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
প্রত্যক্ষদর্শী,স্থানীয় জনপ্রতিনিধি, জেলা হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার(২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নৌকাটি নারায়নপুর ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবার সময় দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পর নৌকার অনান্য যাত্রী ও স্থানীয়রা ঘটনাস্থলে আহত বৃদ্ধকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে মারা যান।
চরবাগডাঙ্গা ইউপি’র সংশ্লিষ্ট সদস্য নুরুল ইসলাম ছবি ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অন্য কেউ আহত হয় নি। তবে ঘটনার সময় যাত্রীরা প্রচন্ড আতংকিত হয়ে পড়েন।
নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, বৃদ্ধ গুরতর আঘাত না পেলেও হাসপাতালে মারা যান। শ্রোতের কারণেই দূর্ঘটনাটি ঘটে বলেও জানান তিনি।
জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুশফিকুর রহমান বলেন, নৌকার সংঘর্ষে আহত রোগিকে হৃদরোগে আক্রান্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। কিন্তু চিকিৎসা শুরুর পরপরই তিনি মারা যান। তাঁর দেহে আঘাতের সামণ্য চিহ্ন ছিল বলেও জানান ডা. মুশফিক।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করে নি। পুলিশ নিজস্ব সূত্রে ঘটনাটি জানতে পেরে খোঁজ খবর শুরু করেছে।
রাজশাহীর গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তের পরই বলা যাবে কিভাবে ঘটনাটি ঘটল।