ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একই পরিবারের চারজন হলেন জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার দড়ি হামিদপুর গ্রামের রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু (৫০), তার মা রাশিদা বেগম (৭০), মেয়ে মর্জিনা (২৫) ও মর্জিনার ছেলে মিনাল (৫)।
পুলিশ জানায়, ঢাকা থেকে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালকসহ সাত আরোহীর মৃত্যু হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহত সাতজনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত হয়েছে। অন্য তিনজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
ময়মনসিংহ দুর্ঘটনা, বাস-সিএনজি, নিহত ৭