শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

ভোরের আলোয় জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার বিনম্র শ্রদ্ধা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-১৬ ১০:২০:১১
ছবি: সংগৃহীত।

মহান বিজয় দিবসে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সূর্যোদয়ের পর ভোর ৬টা ৫৬ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে, যা পরিবেশকে আবেগঘন করে তোলে।
পরে অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এ সময় প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, তিন বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি স্মরণ করছে ১৯৭১ সালের সেই ঐতিহাসিক বিজয়কে। ৫৪ বছর আগে ১৬ ডিসেম্বর ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং প্রায় দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
বিজয় দিবস উদযাপনে সরকার ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।

কী-ওয়ার্ডস:বিজয় দিবস,জাতীয় স্মৃতিসৌধ,প্রধান উপদেষ্টা


এ জাতীয় আরো খবর