বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৮৭

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-১২-১৪ ১৮:৫৬:৫১

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৩৮৭ জন রোগী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে।
বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ভর্তি হয়েছেন ৮৩ জন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হন। চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশনের বাইরে ভর্তি হয়েছেন ৭১ জন এবং বরিশাল বিভাগে ৪০ জন।
এ ছাড়া খুলনা বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ২২ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৯৮ হাজার ৭২৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৪৭ জনে। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৫ শতাংশ নারী। সর্বশেষ পাঁচজনসহ এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪০৯ জনের।
উল্লেখ্য, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং সে বছর মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৫।

কীওয়ার্ডঃডেঙ্গু পরিস্থিতি,ডেঙ্গু মৃত্যু,স্বাস্থ্য অধিদপ্তর


এ জাতীয় আরো খবর