কিছু লিখবো বলে বসেছি ---
কিন্তু কী লিখবো ! আমি তো কবি নই যে কবিতা লিখবে !
কবিতা সবাই লিখতে পারে কিন্তু কবি সবাই হতে পারে না।
সমুদ্রের গর্জন সবাই শোনে
সেই গর্জনের ভাষা কী সবাই পারে ব্যক্ত করতে ?
যাক সে সব কথা ---
হঠাৎ এক পশলা বৃষ্টির মতো অধরা এলো,
সমস্ত ঘরে ছড়ালো মিষ্টি একটা গন্ধ।
কলম চলতে শুরু করলো, শূন্য খাতা পূর্ণ হলো,
কখনো অধরার চোখে চোখ রেখে কথা বলতে পারি না।
মাথা নিচু করে বললাম --- থাকবে তো আজ
এই জোছনা রাতে চাঁদকে সাক্ষী রেখে দুজনে হাঁটবো পাহাড়ি পথে।
এটুকু চাওয়া কী খুব বেশি ?
ওর হাসির শব্দে ঘুম ভেঙে গেল।
দরজা বন্ধ, কেউ কোথাও নেই ---
ভোরের আলোয় ঘর ভরে গেছে
মন্দির থেকে ভেসে আসছে শঙ্খধ্বনি।
অধরাকে নিয়েই ভাবছি
এ নামে কেউ আছে কী ! তাকে কী আমি চিনি ?