বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

লন্ডন স্থানান্তরের প্রস্তুতি: খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে আসছে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-০৬ ১০:১৩:৩৯
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চূড়ান্তের পথে। কাতার সরকারের উদ্যোগে জার্মানি থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকায় কাতার দূতাবাস।
দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ জানান, কাতার সরকার বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (সিএল–৬০) মডেলের একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে, যা জার্মানি থেকে ঢাকায় এসে খালেদা জিয়াকে বহন করবে। তার মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী বিমানটি প্রস্তুত রাখা হয়েছে।
প্রাথমিকভাবে কাতারের আমিরের বিশেষ বিমান ব্যবহারের পরিকল্পনা থাকলেও ‘কারিগরি ত্রুটি’ দেখা দেওয়ায় বিকল্প হিসেবে দ্রুত ভাড়া করা হয় জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ পরিচালিত বিমানটি। দীর্ঘপাল্লার আন্তঃমহাদেশীয় ফ্লাইট সক্ষমতার কারণে আন্তর্জাতিক চিকিৎসা পরিবহনে এটি অন্যতম জনপ্রিয় মডেল।
এদিকে শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি। তবে সব ঠিক থাকলে শনিবার ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছানোর কথা। মেডিকেল বোর্ডের অনুমতি ও শারীরিক অবস্থা উপযুক্ত থাকলে ৭ ডিসেম্বর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছেন। এ নিয়ে কূটনৈতিক তৎপরতাও তীব্র হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় কাতার দূতাবাসে সহযোগিতা চেয়ে নোট ভারবাল পাঠানোর পর কাতার সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
বিএনপি আলাদাভাবে আরেকটি চিঠিতে খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে স্থানান্তরের লজিস্টিক সহায়তা চেয়েছে।

কীওয়ার্ডঃ
খালেদা জিয়া
এয়ার অ্যাম্বুলেন্স
কাতার সরকার


এ জাতীয় আরো খবর