মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

সরকারি স্কুলে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১১-১৪ ০৯:৫৯:০২

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারিকৃত এ নীতিমালায় বয়সসীমা, কোটা, ডিজিটাল লটারি ও আবেদন প্রক্রিয়ায় বেশ কিছু আধুনিক পরিবর্তন আনা হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, অ্যান্ট্রি শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে ভর্তি করা যাবে। ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়সসীমা ১ জানুয়ারি তারিখে সর্বনিম্ন ৫ বছর এবং বছরের শেষ দিনে সর্বোচ্চ ৭ বছর নির্ধারণ করা হয়েছে। বয়স যাচাইয়ের জন্য অনলাইন জন্মনিবন্ধনের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত সর্বোচ্চ ৫ বছর বয়স সুবিধা পাবেন।
পরিবর্তিত নীতিতে প্রতি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগের মতোই কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে মাউশি। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দক্রম দিতে পারবে; তবে ডাবল শিফট স্কুল হলে উভয় শিফটকে আলাদা পছন্দ হিসেবে গণ্য করা হবে।
ঢাকা মহানগরের ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় তিনটি গ্রুপে বিভক্ত থাকবে। প্রতিষ্ঠানসংলগ্ন তিনটি থানা নিয়ে ‘ক্যাচমেন্ট এরিয়া’ নির্ধারণ করা যাবে, যার জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এছাড়া মুক্তিযোদ্ধা কোটা ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্নদের ২ শতাংশ ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মোট ১ শতাংশ কোটা বজায় রাখা হয়েছে। যমজ কোটায় কিছু পরিবর্তন এনে তা ৩ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছে, আর সহোদর কোটা বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছে।
ষষ্ঠ শ্রেণিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করা শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণ বাধ্যতামূলক থাকবে। ভর্তি কমিটি গঠন করা হয়েছে কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত।
মাউশির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ নভেম্বরের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ২১ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ চলবে। সম্ভাব্য ১৪ ডিসেম্বর ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত শিক্ষার্থীরা ১৭ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে ভর্তি হতে পারবে।

কীওয়ার্ডস: স্কুল ভর্তিনীতি, ডিজিটাল লটারি, বয়সসীমা পরিবর্তন


এ জাতীয় আরো খবর