ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সোমবার (২৭ অক্টোবর) ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “ভোটকেন্দ্রের তালিকা ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। কিছু সংশোধনের প্রস্তাব ছিল, সেগুলোও যুক্ত করা হয়েছে। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।”
গতবারের চেয়ে এবার ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ছে। খসড়া তালিকায় ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্র ছিল। আজ চূড়ান্ত তালিকা প্রকাশের পর সঠিক সংখ্যা জানা যাবে।
২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি এবং ভোটকক্ষের সংখ্যা ছিল ২ লাখ ৬০ হাজার ৮৫৮টি। ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, এবার ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে।
রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আখতার আহমেদ বলেন, “সবকিছু শতভাগ সময়মতো করা সবসময় সম্ভব নয়। বাস্তব পরিস্থিতি বিবেচনায় কিছু বিষয়ে সমন্বয় আনতে হয়। তবে এখন পর্যন্ত কোনো উদ্বেগ বা আতঙ্কের কারণ নেই।”
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে তিনি বলেন, “মাঠপর্যায় থেকে পাওয়া অতিরিক্ত তথ্য যাচাই চলছে। এ সপ্তাহের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছি।”
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতীক বরাদ্দ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত হলে পরে জানানো হবে।”
কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, প্রবাসীদের ভোটার তালিকাভুক্তি, প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধ এবং নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ইসি সচিব।
নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, নভেম্বরের শুরুতেই ভোটকেন্দ্রের অবস্থান ও ভোটার বণ্টন নিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের চূড়ান্ত নির্দেশনা দেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ও প্রযুক্তি ব্যবস্থাপনাও জোরদার করা হচ্ছে।
কীওয়ার্ডস: নির্বাচন কমিশন, ভোটকেন্দ্র তালিকা, ত্রয়োদশ জাতীয় নির্বাচন