মঙ্গলবার, মে ২৬, ২০২৬

টেকসই উন্নয়নে মান নিশ্চিতকরণই মূল লক্ষ্য: বিশ্ব মান দিবস আজ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১০-১৪ ০৯:৪০:৩৪
ফাইল ছবি

আজ ১৪ অক্টোবর বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য, “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব নির্মাণে মান”, যা ৫৬তম বিশ্ব মান দিবসের মূল বার্তা হিসেবে নির্ধারণ করা হয়েছে।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)–এর গোল-১৭, অর্থাৎ ‘অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব’-এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এ বছরের আয়োজনকে কেন্দ্র করে। এর মাধ্যমে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রযুক্তি, অর্থ, বাণিজ্য, নীতি ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশে দিবসটি উদযাপন করছে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটি দেশজুড়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে। প্রধান কার্যালয়সহ বিভাগীয় ও জেলা পর্যায়ে আলোচনা সভা, প্রচার কার্যক্রম ও সচেতনতামূলক ব্যানার-ফেস্টুন স্থাপন করা হয়েছে।
এছাড়া, মোবাইল ফোন অপারেটরদের সহযোগিতায় গ্রাহকদের কাছে মান বিষয়ক খুদে বার্তা (এসএমএস) পাঠানো হচ্ছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও মান সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে ব্যানার ও পোস্টারের মাধ্যমে।
বিএসটিআই জানিয়েছে, মান নিশ্চিতকরণ শুধু পণ্য ও সেবার মানোন্নয়নের জন্য নয়, বরং দেশের টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপনে এটি একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।

কীওয়ার্ডস:
বিশ্ব মান দিবস, বিএসটিআই, টেকসই উন্নয়ন


এ জাতীয় আরো খবর