বিশিষ্ট কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আজ শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
আজ এক শোকবার্তায় উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, সৈয়দ মনজুরুল ইসলাম কথাসাহিত্যে এক নতুন ধারা সৃষ্টি করেন, তাঁর লেখার সাবলীলতার গুণে সামান্য ঘটনাও অসামান্য হয়ে ওঠে এবং সহজে পাঠকের মনে জায়গা করে নেয়। তারা বলেন, সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন একজন নির্বিবাদী মুক্তবুদ্ধির মানুষ। বাংলা সাহিত্যে তাঁর যে অবদান তার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
নেতৃবৃন্দ তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন তাঁর জীবন ও কর্ম ভবিষ্যৎ লেখকদেরও অনুপ্রাণিত করবে, দেশ ও জাতি তাঁকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।