রবিবার, মে ১৭, ২০২৬

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২০০ ছাড়াল

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-১০-০১ ১৮:১৮:২৬
ফাইল ছবি

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকেই যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুজন। এর মধ্য দিয়ে চলতি বছরের প্রথম নয় মাসে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২০০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৯০ জন ডেঙ্গু রোগী।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বাধিক ১৩৮ জন ভর্তি হয়েছেন। চট্টগ্রামে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ১০০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৮ জন, দক্ষিণ সিটিতে ৬৪ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন এবং রংপুর বিভাগে ২২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৪৫ হাজার ২৭৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২০২৫ সালের ১ অক্টোবর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৮৩২ জনে। আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬০ দশমিক ৬ শতাংশ এবং নারীর হার ৩৯ দশমিক ৪ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি বৃষ্টিপাত এবং নগরায়ণের কারণে ডেঙ্গুর বিস্তার দ্রুত ঘটছে। তারা জনসাধারণকে মশার প্রজননস্থল ধ্বংস করা এবং সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

কীওয়ার্ডসঃডেঙ্গু আক্রান্ত,ডেঙ্গু মৃত্যু,স্বাস্থ্য অধিদপ্তর,হাসপাতাল ভর্তি,সচেতনতা জরুরি


এ জাতীয় আরো খবর