চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের ‘মা ও শিশু কল্যাণ সংস্থা’ নামে একটি এনজিও’র সিনিয়র পরিচালক মোকসেদুল ইসলামের বিরুদ্ধে উচ্চ মূনাফার লোভ দেখিয়ে কয়েকশত গ্রাহকের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাবার অভিযোগ উঠেছে। তিনি শহরের শেয়ালা এলাকার বাসিন্দা। গত বুধবার(২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিক্ষুদ্ধ শতাধিক গ্রাহক টাকা ফেরতের দাবিতে শহরের সিসিডিবি মোড় এলাকায় এনজিও কার্যালয়টি ঘেরাও করে ৬ কর্মকর্তা ও কর্মাচারীকে অবরুদ্ধ করার খবঠে পুলিশ ওই ৬ জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় ভূক্তভোগি এক গ্রাহক সদর থানায় মামলা করলে বিকালে পুলিশ ওই ৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
গ্রেপ্তাররা হলেন, এনজিও ম্যানেজার ও শহরের নামোরাজারামপুর মহল্লার মৃত সৈবুর রহমানের মেয়ে শামীমা খাতুন(৩৫),ক্যাশিয়ার ও রাজারামপুর মহল্লার ই¯্রাফিল হকের মেয়ে সুমেরা খাতুন(৩৪), ফিল্ড অফিসার ও নামোশংকরবাটি মহল্লার মৃত একরামুল হকের ছেলে মনোয়ারুল হক(৩৫), ফিল্ড অফিসার ও রাজারামপুর মহল্লার দুরুল হোদার মেয়ে হালিমা খাতুন(৩৩), সদর উপজেলার আতাহার এলাকার আজহারুল ইসলামের মেয়ে মোসা.নাফিসা(২২) ও এনজিও’র বাবুর্চি ও শহরের চরমোহনপুর এলাকার আব্দুল মালেকের মেয়ে দুলভ বেগম(৩৬)।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন,২০১১ সালে খাইরুল ইসলাম নামে এক ব্যাক্তি এনজিওটি প্রতিষ্ঠা করেন। ২০২২ সালের ডিসেম্বরে তাঁর মৃত্যুর পর মালিকানা পান তাঁর স্ত্রী হীরা মনি। তাঁর পক্ষে সার্বিকভাবে এনজিও পরিচালনা করতেন মোকসেদুল।
ওসি আরও বলেন, এটি কোন ক্ষুদ্র ঋণভিত্তিক (মাইক্রোক্রেডিট) এনজিও নয়। এরা উচ্চ লাভের বিনিময়ে গ্রাহকদের নিকট থেকে দলিল(ডিড) করে গ্রাহকের টাকা নিত। ইদানিং গ্রাহকরা টাকা ঠিকমত ফেরৎ না পাওয়ায় সংশয়ে ছিলেন। এরপর গত ৩ দিন আগে মোকসেদুল লাপাত্তা হলে বুধবার রাতে গ্রাহকরা এনজিও কার্যালয় ও ৬ কর্মীকে অবরুদ্ধ করেন। ওই ৬ জনের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা গ্রাহক সংগ্রহ করে দিতেন। পুলিশ তাঁদের হেফাজতে নেবার পর বুধবার রাতেই শতাধিক গ্রাহক থানায় আসেন অভিযোগ দিতে। অনেকে দলিলও দেখান। তবে এনজিওর গ্রাহক মোট কতজন বা মোট কতটাকা গ্রাহকরা পাবেন তা বিস্তারিত তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে , কয়েকশত গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে বড় অনিশ্চয়তা তৈরী হয়েছে। মোকসেদুল আটক না হওয়া পর্যন্ত এ সমস্যা সমাধান করা অসম্ভব।
এ ঘটনায় দায়ের মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, প্রায় অর্ধশত গ্রাহকের সাথে কথা বলেছি। এদের মধ্যে ৪০ লক্ষ টাকা,২৫ লক্ষ টাকা জমা রেখেছেন এমন গ্রাহকও রয়েছেন। কেউ প্রবাসী স্বজনের পাঠানো টাকা, কেউ জমি বিক্রির টাকা, কারও সারা জীবনের সঞ্চয়, কারও অন্য কাজে বিনিয়োগের জন্য জমা করা টাকা এমন গ্রাহক অনেক। প্রতারিত গ্রাহকদের টাকা আদায়ে পৃথক মামলা করতে বলা হয়েছে। দায়ের মামলার তদন্ত শুরু হয়েছে। আর্থিক কর্মকান্ড চালানোর জন্য এনজিওর অনুমতি ছিল কিনা সেটি সহ বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করে দেখার কাজ শুরু হয়েছে।