রবিবার, নভেম্বর ২২, ২০২৬

শা হা না জ শি উ লী

  • ফিরব আবার অন্তরগৃহে
  • ২০২৬-১১-২২ ১১:২৮:৩৬

চোখের নিচে জমে থাকা ক্লান্তির রেখাগুলো আজকাল ভেসে ওঠে
চৈত্রের খরায় ফেটে যাওয়া মাঠের মতো।
নিজেকে চিনতে বড্ড কষ্ট হয়,
বারবার আয়নার সামনে দাঁড়াই নিজেকে খুঁজতে,
কিন্তু সে তো ঠকায় না—
সে সত্য বলে, নির্মম, অপ্রিয় সত্য।
নিজের আঙুল দিয়ে মুখখানা ছুঁয়ে ছুঁয়ে দেখি,
সবাইকে ভালো রাখতে গিয়ে কখন যে নিজের ভালো থাকাটাই ভুলে গেছি!
অন্যের চোখের জল মুছতে মুছতে
নিজের চোখের ভেতরে জমে থাকা সমুদ্রটাকে
আর দেখা হয়নি কখনো।
কিন্তু মানুষটি পুরোপুরি শেষ হয়ে যায়নি,
আমার ভেতর রয়ে গেছে একটি ছোট্ট দরজা,
যেখানে জমা আছে শৈশব, পুরোনো স্বপ্ন,
অকারণে ভালো লাগার গান।
আর আছে সেই মানুষটি,
যে কখনো আমাকে চেনেনি।
যে আলোকে একদিন আশ্রয় ভেবেছিলাম,
তার দহনই আমাকে নির্বাসিত করে।
তবু সমস্ত প্রস্থান শেষে
ফিরে আসার একমাত্র ঠিকানা
নিজের অন্তরগৃহ।


আড়পাড়া, কালীগঞ্জ, ঝিনাইদহ

 


এ জাতীয় আরো খবর