বৃষ্টি নামলেই দূর-পাল্লার দীর্ঘ হর্ন বেজে ওঠে
ঝলকে ওঠে কবেকার আষাঢ় বেলার অদম্য দিন
কোথাও যাবার কাল,ভেজা পথ,স্টেশন -চত্বর
ভীড় ভারাক্কা,অসংখ্য পাখ-পাখালী
পথের দু -পাশের নতুন সভ্যতা, ভিজতে থাকে
হাপুস নিরিবিলি জলে
বৃষ্টি নামলেই আকুর-টাকুর পাড়া
মীরা দের বাড়ি --পরিত্যক্ত পূজো-মন্ডপ
মোর ঘুরেই পুরোনো বাসস্ট্যান্ডে, শিবনাথ স্কুল
বড় প্রিয় তিলোত্তমা ভিক্টোরিয়া রোড
পেছন পেছন ছুড়ে দেয় অন্তিম চিৎকার
এ পারে ভেজা রেইনট্রি মঞ্জুদের মাধবীলতা -বিদায়
ঝুঁকে পড়া বরুণ গাছ,স্তব্ধ দুপুর, কালি বাড়ি রোড-বিদায়
বিদায় ,জনম-শহর তোমাকে, সে কোন কালে?
কত শতাব্দী আগে একটা বাতিল পান্ডুলিপির মতই
তোমাকে এসেছি ফেলে যেন পুরনো বাক্স -পেট্রায়
ও আমার কঙ্কাবতী জনম শহর
এতদিনে তোমাকে মনে হয় এক অনির্নিত কবিতার মতো।