সোমবার, অক্টোবর ৫, ২০২৬

ডাকসু নির্বাচনে বিজয় উদযাপনে ছাত্রশিবিরের দুই দিনের কর্মসূচি ঘোষণা

  • বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • ২০২৫-০৯-১০ ১১:৪৩:৫২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ এ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাফল্যের পর দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (১০ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে তিনি নির্বাচনে বিজয়ী সকল প্রার্থীকে অভিনন্দন জানিয়ে বলেন, “ডাকসুর এ বিজয় কেবল ছাত্রশিবিরের নয়, এটি সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয়।” একই সঙ্গে নির্বাচিত প্রতিনিধিদের শিক্ষার্থীদের আস্থা ও দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক কামনা করেন তিনি।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—
১. শুকরিয়া আদায় ও দোয়া মাহফিলসহ নৈশ ইবাদত (শব্বেদারি)।
২. শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবার ও আহত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ।

এ ছাড়া আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র‍্যালি থেকে বিরত থাকার জন্য সংগঠনের মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিবিরের ভাষ্য অনুযায়ী, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের ঐক্য ও দায়িত্বশীল নেতৃত্বকে আরও সুদৃঢ় করা হবে।

কীওয়ার্ডস: ডাকসু নির্বাচন ২০২৫,ছাত্রশিবির কর্মসূচি,ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট,ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতি,ডাকসু ফলাফল


এ জাতীয় আরো খবর