শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

রোহিঙ্গা সংকট সমাধানে বাস্তব রূপরেখা চাইলেন প্রধান উপদেষ্টা ইউনূস

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-২৫ ১৪:৪৪:৪৮
ছবি সংগৃহিত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও দৃঢ় ভূমিকা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত নিজ দেশে ফেরানোর জন্য এখনই একটি ‘বাস্তব রূপরেখা’ তৈরি করতে হবে।
সোমবার (২৫ আগস্ট) সকালে কক্সবাজারে চলমান ‘রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপ’-এর দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন, ২০১৭ সালের ২৫ আগস্ট প্রায় ৮ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়। আট বছর পেরিয়েও সংকট সমাধান না হওয়ায় এখনও নতুন রোহিঙ্গাদের আগমন বাংলাদেশকে বিপর্যস্ত করছে। তিনি বলেন, “রোহিঙ্গাদের অনিশ্চিত ভবিষ্যৎ আমাদের চোখের সামনে। আন্তর্জাতিক মহল এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই জাতিগত নিধন বন্ধ হবে না।”
তিনি সতর্ক করেন, রাখাইন সম্প্রদায়ের অস্তিত্ব বিলীন হওয়ার আগে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নিতে হবে। একইসঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্বারোপ করেন তিনি।
ড. ইউনূস সাত দফা কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে— রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য রোডম্যাপ তৈরি, দাতাসংস্থার ধারাবাহিক সহায়তা, মিয়ানমারে নিপীড়ন বন্ধ, রাখাইন কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক সংলাপ, আসিয়ানসহ আন্তর্জাতিক সংস্থার সক্রিয় ভূমিকা, জাতিগত নিধনের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং দায়বদ্ধতা ও ন্যায়বিচার নিশ্চিত করা।
তিনি আরও জানান, কক্সবাজার এখন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে পরিণত হয়েছে। সেখানে ১৩ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে এবং প্রতিবছর প্রায় ২২ হাজার শিশু জন্ম নিচ্ছে। এতে বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ ও সমাজব্যবস্থায় গভীর প্রভাব পড়ছে।
কক্সবাজার সম্মেলনের আলোচনার ফলাফল আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।
সংলাপে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজমসহ দেশি-বিদেশি কূটনীতিক, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আগামী ২৬ আগস্ট বিদেশি প্রতিনিধিরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

 কীওয়ার্ডস: রোহিঙ্গাসংকট, ডরমুহাম্মদইউনূস, কক্সবাজারসংলাপ, আন্তর্জাতিকসম্প্রদায়


এ জাতীয় আরো খবর