রবিবার, মে ৩, ২০২৬

পঞ্চগড়ে তরুণদের নেতৃত্বে সমাজ পরিবর্তনের লক্ষ্যে মতবিনিময় সভা

  • পঞ্চগড় জেলা প্রতিনিধি :
  • ২০২৫-০৮-২৩ ২৩:৩৩:৩১
পঞ্চগড়ে তরুণদের নেতৃত্বে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং আগামীর বাংলাদেশে ন্যায়বিচার, অধিকার ও সংস্কারের করণীয় নির্ধারণে দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সামাজিক সংগঠন ধ্রুবতারা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলার পাঁচ উপজেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় ৩০০-এর বেশি তরুণ-তরুণী অংশ নেন। পাশাপাশি রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। দিনব্যাপী কার্যক্রম শুরু হয় সকাল ৯টায় রেজিস্ট্রেশনের মাধ্যমে। পরে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। তরুণদের মধ্যে সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তোলার উদ্দেশ্যে পাঁচটি আলাদা সেশন আয়োজন করা হয়। প্রতিটি সেশনে উঠে আসে নেতৃত্বে পরিবর্তনের বাস্তবসম্মত চিন্তা, উদ্যোগ এবং আগামী দিনের করণীয়। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারী তরুণদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। তরুণরা শিক্ষা, কর্মসংস্থান, সুশাসন ও সামাজিক পরিবর্তন নিয়ে নানা প্রশ্ন রাখেন। তরুণদের প্রশ্নের উত্তর দেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধান,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বোদা উপজেলা প্রধান সমন্বয়কারী শিশির আসাদ, বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন ও গণঅধিকার পরিষদ পঞ্চগড় জেলা সভাপতি মাহফুজুর রহমান৷ বক্তারা তরুণদের সৃজনশীলতা বিকাশে রাজনীতির ইতিবাচক ভূমিকা, সমাজে সংস্কারমূলক কার্যক্রমে যুবসমাজের অংশগ্রহণ এবং নেতৃত্বে তাদের প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। আয়োজক সংগঠন ধ্রুবতারার পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নেতৃত্বে গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।

এ জাতীয় আরো খবর