মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

কুষ্টিয়ায় বজ্রপাতে ১২ মহিষের মৃত্যু, কৃষকদের ক্ষতি লাখে লাখে

  • কুষ্টিয়া প্রতিনিধি
  • ২০২৫-০৮-০৪ ০১:৪১:১৫
ছবি সংগৃহিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের বাংলাবাজার এলাকার পদ্মা নদীর চরে বজ্রপাতে একসঙ্গে ১২টি মহিষ মারা গেছে। আজ রবিবার (৩ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে শোকের ছায়া ফেলেছে এবং কৃষকেরা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আকাশে কালো মেঘ জমে এবং প্রবল বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই একটি বাচ্চাসহ ১২টি মহিষ মারা যায়। নিহত মহিষগুলো একটি বাথানে পালন করা হচ্ছিল।
মহিষ মালিক এলাহি ঢালি জানান, তার ফুফাতো ভাই নবির আলীর ১১টি মহিষ এবং তার নিজের একটি মহিষ মারা গেছে। তিনি বলেন,
"এতগুলো মহিষ একসঙ্গে পুঁতে রাখা সম্ভব নয়, তাই পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।"মোট ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ থেকে ২৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, নবির আলীর সব মহিষ মারা গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
দৌলতপুরের ইউএনও আবদুল হাই সিদ্দিকী জানিয়েছেন, "ঘটনাটি জেলা প্রশাসককে জানানো হয়েছে। সরকারিভাবে কোনো সহায়তা এলে তা ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রদান করা হবে।"
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের গ্রামের মানুষ ঘটনাস্থলে ভিড় করে। একসঙ্গে এত প্রাণহানি স্থানীয়দের মনে আতঙ্ক ও শোকের সৃষ্টি করেছে।

কীওয়ার্ডস: কুষ্টিয়া বজ্রপাত, দৌলতপুর পদ্মা চরে মহিষ মারা, কৃষকদের আর্থিক ক্ষতি, বজ্রপাতে প্রাণহানি, কুষ্টিয়া খবর

 


এ জাতীয় আরো খবর