তুমি আসো সকাল-সন্ধ্যা আসো বিনা নোটিশে,
আষাঢ় শ্রাবণ এলেই মাতো আনন্দ উল্লাসে।
গভীর রাতে আসো তুমি খোলা জানালায়,
ভিজিয়ে দাও এক ঝাপটায় ঝোড়ো হাওয়ায়
খুশির নাচন লাগে তোমার পাতায় পাতায়,
মানো না কোনো বাধা ঝরঝর অবিরাম ধারায়।
তুমি এলে উদাসী মন স্মৃতির জাবর কাটে,
ঘরের কাজে মন বসে না ছুটি মাঠে-ঘাটে।
তুমি আসো দাহ নিবারিতে শীতল পরশে,
কখনো আসো রুদ্র রূপে ঋতু গ্রীষ্মে।
তুমি এলে কৃষকের মুখে ফুটে ওঠে হাসি,
মাঠে মাঠে সোনার ফসল ফলবে রাশি রাশি।
তুমি এলে নব যৌবন ফিরে পাবে নদী,
কলকল ছলছল বইবে নিরবধি।
পালের নাও ভাসিয়ে মাঝি গাইবে ভাটিয়ালি,
জেলে জাল ছেকে ইলিশ ধরবে ডালি ডালি।
বর্ষার এই সৌন্দর্যে তাই কবির কলম সচল,
ছন্দ সুরে কবিতায় নামে আষাঢ় শ্রাবণের ঢল।