মঙ্গলবার, মে ২৬, ২০২৬

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শেষ পর্যায়ে, জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-৩১ ২২:৩৪:৩৫
ছবি সংগৃহিত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। কমিশন কেবল অনুঘটক হিসেবে কাজ করবে-আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় পর্যায়ে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের শেষ দিনে তিনি এসব কথা বলেন।
এ সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সিপিবি, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলনসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আলী রীয়াজ জানান, এখন পর্যন্ত প্রায় ১৩টি বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। কিছু বিষয়ে ভিন্নমত বা নোট অব ডিসেন্ট যুক্ত থাকবে। সংলাপ শেষে এই তালিকা দ্রুত দলগুলোর কাছে পাঠানো হবে।
তিনি আরও বলেন, জুলাই সনদে দুটি অংশ থাকবে-একটি অংশে থাকবে রাজনৈতিক দলগুলোর মধ্যে হওয়া ঐকমত্য, অন্য অংশে থাকবে প্রতিটি দলের নিজস্ব প্রতিশ্রুতি। খসড়া ইতোমধ্যে পাঠানো হয়েছে এবং প্রাপ্ত সংশোধনী মতামতের ভিত্তিতে চূড়ান্ত টেক্সট তৈরি হচ্ছে।
আলী রীয়াজ আশা প্রকাশ করেন, আজকের মধ্যেই সংলাপ পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি হবে এবং শিগগিরই সনদ স্বাক্ষরের প্রক্রিয়া শুরু করা হবে।
গত ২ জুন থেকে কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়, যার উদ্বোধন করেন কমিশনের চেয়ারম্যান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এর আগে মার্চ থেকে মে পর্যন্ত প্রথম ধাপের সংলাপে ৫০টির বেশি রাজনৈতিক দলের মতামত সংগ্রহ করা হয়েছিল।
এই প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো ২০২৫ সালের মধ্যে একটি জাতীয় সংলাপের মাধ্যমে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারে বিস্তৃত ঐকমত্য তৈরি করা।

কীওয়ার্ডস:
জাতীয় ঐকমত্য কমিশন, জুলাই সনদ ২০২৫,রাজনৈতিক দল সংলাপ, অধ্যাপক আলী রীয়াজ, জাতীয় সংলাপ বাংলাদেশ


এ জাতীয় আরো খবর