বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

ঈদের হিট সিনেমা এবার ওটিটিতে: ‘উৎসব’ ও ‘তাণ্ডব’ আসছে ৭ আগস্ট

  • বিনোদন ডেস্ক
  • ২০২৫-০৭-৩০ ১৮:১১:৫৪
ছবি সংগৃহিত

কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে আলোচনার শীর্ষে ছিল ‘উৎসব’ ও ‘তাণ্ডব’। প্রেক্ষাগৃহে দীর্ঘ সাত সপ্তাহ সফল প্রদর্শনের পর এবার সিনেমাগুলো আসছে ওটিটিতে। দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ৭ আগস্ট থেকে এই দুই সিনেমা দেখা যাবে ডিজিটাল প্ল্যাটফর্মে।
তানিম নূর পরিচালিত পারিবারিক গল্পের সিনেমা ‘উৎসব’ দেশব্যাপী ও প্রবাসে বিপুল সাড়া ফেলেছে। ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’ ট্যাগলাইনে মুক্তি পাওয়া ছবিটি এবার চরকিতে দেখা যাবে। প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিট (৭ আগস্ট থেকে কার্যকর) সিনেমাটি সবার জন্য উন্মুক্ত হবে।
নির্মাতা তানিম নূর জানান, “ওটিটি এখন সিনেমার নতুন এক ডিস্ট্রিবিউশন চ্যানেল। এবার এমন দর্শকের ঘরে ঘরে সিনেমাটি পৌঁছাবে, যাদের এলাকায় সিনেমা হল নেই বা যারা প্রবাসে রয়েছেন।”

‘উৎসব’ সিনেমার অভিনয়শিল্পীরা; ছবি: সংগৃহীত
শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ ওটিটিতে মুক্তি পাবে একই দিনে-৭ আগস্ট। রায়হান রাফী পরিচালিত এ অ্যাকশন-ড্রামা সিনেমাটি দেখা যাবে চরকি ও হইচই উভয় প্ল্যাটফর্মে। ছবিটিতে আরও অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেনসহ একাধিক তারকা।
প্রেক্ষাগৃহে দর্শকপ্রিয়তা অর্জনের পর ওটিটি রিলিজ নিয়ে উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জানিয়েছেন, তারা পরিবারসহ সিনেমাগুলো ঘরে বসে দেখার জন্য অপেক্ষা করছেন। নির্মাতাদের প্রত্যাশা, ওটিটি মুক্তির মাধ্যমে এই চলচ্চিত্রগুলো আরও বড় দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছাবে।

কীওয়ার্ডসঃ ওটিটি মুক্তি,উৎসব সিনেমা,তাণ্ডব সিনেমা,চরকি


এ জাতীয় আরো খবর