শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

দৌলতপুরে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা,ঘোষণা এলো বিশেষ বৃত্তির

  • মিজানুর রহমান
  • ২০২৫-০৭-২৯ ১৫:৪৭:১৫

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২০ জন কৃতী শিক্ষার্থীকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয় এই সম্মাননা অনুষ্ঠান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ফুল তুলে দিয়ে তাঁদের কৃতিত্বকে স্বীকৃতি জানানোর পাশাপাশি তাদের আগামীর পথচলায় উৎসাহ প্রদান করা হয়।

 বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিলিপনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ খাজা আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক নুরুন্নাহার হীরা, জমির উদ্দিন, নাজিম উদ্দিন,আলফাজ উদ্দিন,আমিনুর রহমান,আনোয়ার হোসেন , আরজীনা সুলতানা, সিনিয়র শিক্ষক সাইদুল ইসলাম টিটু, অভিভাবক প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মোঃ সিরাজুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন,“আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তারা শুধু নিজেদের নয়, পুরো এলাকার মুখ উজ্জ্বল করেছে। তাদের এই সফলতা সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল।”

বিশেষ অতিথি মুহাম্মদ খাজা আহমেদ বলেন,“এই শিক্ষার্থীরা যারা জিপিএ-৫ পেয়েছে, তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে আমি ব্যক্তিগতভাবে বিশেষ বৃত্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। শুধু ভালো রেজাল্ট করলেই হবে না, তাদের চরিত্রবান ও দ্বীনি মুল্যবোধে বলিয়ান হয়ে আল্লাহর সন্তুষ্টির পথ বেছে নিতে হবে। দুনিয়ার কাজের পাশাপাশি আখিরাতের সফলতার জন্যও প্রস্তুত হতে হবে।”

অনুষ্ঠানে অভিভাবকরা সন্তানদের কৃতিত্বে আনন্দ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের শিক্ষক ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। বক্তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতার প্রশংসা করে বলেন-এই সম্মিলিত প্রয়াসেই সম্ভব হয়েছে এমন সফলতা।

 


এ জাতীয় আরো খবর