বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

জুলাই সনদে চূড়ান্ত রূপ দিতে তিনদিনের আল্টিমেটাম: অধ্যাপক আলী রীয়াজ

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-২৯ ১৪:৫৫:০৭
ছবি সংগৃহিত

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ৩১ জুলাইয়ের মধ্যেই জুলাই সনদের চূড়ান্ত রূপ দিতে হবে। দীর্ঘ ২১ দিনের ধারাবাহিক আলোচনার পর যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য হয়েছে, তা দ্রুতই চূড়ান্ত করতে কমিশন কাজ করছে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন।
অধ্যাপক রীয়াজ বলেন, “এতদিনের আলোচনায় যে সব বিষয়ে ঐকমত্য হয়েছে, আগামী তিনদিনের মধ্যেই সেটি চূড়ান্ত রূপে পৌঁছাতে হবে। প্রতিটি দলের নিজস্ব অবস্থান বিবেচনায় নিয়ে তাদের প্রস্তাবগুলোকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি।”
তিনি জানান, সোমবার (২৮ জুলাই) কমিশনের ২০তম বৈঠকে জুলাই সনদের প্রাথমিক খসড়া রাজনৈতিক দলগুলোর হাতে হস্তান্তর করা হয়েছে। দলগুলোর কাছে বুধবারের (৩০ জুলাই) মধ্যে যেকোনো মন্তব্য পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
রীয়াজ আরও বলেন, “আমরা চেষ্টা করছি, আজ বা আগামীকালের মধ্যেই প্রাথমিকভাবে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো অন্তর্ভুক্ত করে সংশোধিত খসড়া পৌঁছে দিতে।”
আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি সহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।
রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও সহনশীলতার প্রশংসা করে আলী রীয়াজ বলেন, “কমিশনের প্রতি রাজনৈতিক নেতারা যে সহিষ্ণুতা ও আন্তরিকতা দেখিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। এই সহযোগিতা আগামী প্রক্রিয়াকে আরও সহজ করবে।”
বৈঠকে কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। আলোচনা সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
কমিশন সূত্র জানিয়েছে, জুলাই সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করতে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়ে ঐকমত্য গড়তে আগামী কয়েকদিন আলোচনা অব্যাহত থাকবে।

কীওয়ার্ডস:
জুলাইসনদ জাতীয়ঐকমত্যকমিশন AliRiaz BangladeshPolitics রাজনৈতিকআলোচনা


এ জাতীয় আরো খবর