সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন,সভাপতি জাকির আহমেদ খান

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-২৮ ২০:৫৪:২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও সুবিধা পর্যালোচনার জন্য ২৩ সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করেছে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের সচিব খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ১৫ এর ক্ষমতাবলে কমিশনটি গঠিত হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কমিশন সুপারিশ প্রণয়নের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করবে:
ছয় সদস্যের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয়
দুই সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্পদ পরিস্থিতি
প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয় সম্পদ
দারিদ্র্য নিরসনের লক্ষ্য ও সম্পদের সমন্বয়
মেধাবী কর্মকর্তা নিয়োগ ও কর্মোদ্যম বৃদ্ধির উপায়
কারা এই কাঠামোর আওতায় আসবে?
এই কমিশনের সুপারিশ সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মজুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীদের (শ্রমিক বাদে) জন্য প্রযোজ্য হবে।
কমিশন নিম্নলিখিত বিষয়ে সুপারিশ করবে:
সময়োপযোগী ও যথোপযুক্ত বেতন কাঠামো প্রণয়ন
বিশেষায়িত চাকরির জন্য পৃথক কাঠামো নির্ধারণ
মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয়
বেতন-ভাতা বহির্ভূত সুবিধা (বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ইত্যাদি) পর্যালোচনা
পেনশন ও অবসর সুবিধার যৌক্তিকীকরণ
উচ্চতর গ্রেড ও ইনক্রিমেন্টে অসংগতি দূরীকরণ
এছাড়া, টেলিফোন, গাড়ি, মোবাইল ফোনের মতো সরাসরি সেবা সংক্রান্ত প্রাধিকারগুলো আর্থিক সুবিধায় রূপান্তরের বিষয়েও সুপারিশ করা হবে।
সরকারি সূত্র জানায়, কমিশন আধুনিক অর্থনীতি, মূল্যস্ফীতি ও জনগণের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি বাস্তবসম্মত বেতন কাঠামো সুপারিশ করবে, যা প্রশাসনের কার্যকারিতা বাড়াবে।

কীওয়ার্ডস:
জাতীয় বেতন কমিশন ২০২৫, জাকির আহমেদ খান, সরকারি বেতন কাঠামো, বেতন ভাতা সংস্কার, অর্থ মন্ত্রণালয়


এ জাতীয় আরো খবর