মঙ্গলবার, মে ২৬, ২০২৬

উত্তরার ‘তারকাখচিত’ ভবন: এক ছাদের নিচে ২০ তারকার আড্ডা ও বসবাস

  • বিনোদন ডেস্ক
  • ২০২৫-০৭-২৭ ১৬:১৯:২৭
ছবি সংগৃহিত

ঢাকার ব্যস্ত শহরের মাঝেই উত্তরা যেন নাটক-সিনেমার ইনডোর শুটিংয়ের অন্যতম কেন্দ্রস্থল। এখানকার একটি ১০তলা সাদা ভবন এখন পরিচিত ‘তারকাদের আবাসস্থল’ হিসেবে। কারণ, দেশের জনপ্রিয় ২০ জন অভিনয়শিল্পী ও নির্মাতা পরিবারসহ এখানে বসবাস করেন।
এই ভবনে থাকেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তার স্ত্রী ও ছেলেকে নিয়ে। প্রায়শই পরিবারসহ এই এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। একই ভবনে আছেন চিত্রনায়ক শরিফুল রাজ। যদিও ব্যস্ততার কারণে তাকে সচরাচর বাড়িতে দেখা যায় না।
নাটকের পরিচিত মুখ নিলয় আলমগীর ও তার স্ত্রী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাসনুভা তাবাসসুম হৃদি নিয়মিত তাদের ছাদ বা ফ্ল্যাটের মুহূর্ত শেয়ার করেন ফেসবুকে। ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা এবং তার ফ্যাশন ডিজাইনার স্ত্রী মাহাও এই ভবনের বাসিন্দা।
এছাড়াও আছেন তারকা দম্পতি নাজিয়া হক অর্ষা ও মোস্তাফিজ নূর ইমরান, মঞ্চ ও টিভির অভিজ্ঞ অভিনেতা সাজু খাদেম ও তার স্ত্রী মঞ্চশিল্পী পৈত্রি হক।
ভবনের অন্য বাসিন্দাদের মধ্যে রয়েছেন অভিনেতা আ খ ম হাসান, আরফান আহমেদ, শিবলী নোমান, নাবিলা ইসলাম এবং সামিয়া অথৈ। শুধু অভিনয়শিল্পীই নয়, এখানে থাকেন জনপ্রিয় নির্মাতা হিমু আকরামও।
পর্দায় বাবা-মায়ের চরিত্রে নিয়মিত অভিনয় করা শিল্পী মাসুম বাশার ও মিলি বাশার দম্পতি তাদের কন্যা অভিনেত্রী নাজিবা বাশারকে নিয়ে বসবাস করেন এই ভবনে।
শুধু পাশাপাশি বসবাস নয়, মাঝে মাঝে তারকারা খোলা ছাদে মিলিত হন আড্ডা, খাওয়া-দাওয়ার আনন্দে। এসব মুহূর্ত ছবি হয়ে উঠে আসে তাদের সোশ্যাল মিডিয়ায়, যা ভক্তদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেয়।
ঢাকার মতো একটি ব্যস্ত শহরে এক ছাদের নিচে এতগুলো তারকার বসবাস অনেকের কাছেই বিস্ময়ের। ভক্তদের মতে, এই বাস্তব অভিজ্ঞতাকে ঘিরে একটি ধারাবাহিক নাটক নির্মাণ করলেই তা হবে অনন্য একটি গল্প।

কীওয়ার্ডস: উত্তরা তারকা ভবন, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নিলয় আলমগীর, ঢাকার তারকাদের বাসস্থান


এ জাতীয় আরো খবর