বলিউডের প্রাক্তন মিস ইন্ডিয়া ও অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও শিরোনামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে তিনি কাঁদতে কাঁদতে জানিয়েছেন, কয়েক বছর ধরে অদ্ভুত সব ঘটনা ঘটছে তার জীবনে।
তনুশ্রীর অভিযোগ, তার মুম্বাইয়ের বাসায় রাতের অন্ধকারে দরজায় ধাক্কা দেওয়া হয়, আশপাশ থেকে চিৎকার শোনা যায়। তিনি দাবি করেছেন, "আমার জীবন হুমকির মুখে। আমি ভয়ে আছি, সুশান্ত সিং রাজপুতের মতো পরিণতি না হয়!"
অভিনেত্রী জানান, বিগত পাঁচ বছর ধরে একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটছে তার সঙ্গে। কখনও গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছে, কখনও খাবারে বিষ মেশানো হয়েছে। এমনকি তার বাড়ির সামনেও সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করা গেছে।
তিনি সরাসরি সরকারের কাছে সুরক্ষা চেয়ে বলেন, "এই মাফিয়াদের সঙ্গে আমি পেরে উঠব না। পুলিশ যেন আমার আগের অভিযোগের সঙ্গে এই ঘটনাকে গুলিয়ে না ফেলে। আমি দ্রুত তদন্ত চাই।"
অভিনেত্রীর বক্তব্যের পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, তনুশ্রী হয়তো প্রচারের জন্য এসব করছেন, বিশেষত ‘বিগ বস’-এর নতুন সিজনে প্রবেশের উদ্দেশ্যে। তবে তনুশ্রী স্পষ্ট করে বলেন, "প্রচারের জন্য ভিডিও বানানোর প্রয়োজন নেই। আমি প্রাক্তন মিস ইন্ডিয়া। আমি যা বলছি, সব সত্যি।"
তনুশ্রীর অভিযোগে নতুন করে বলিউডের অন্ধকার দিক এবং সেলিব্রিটি নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা শুরু হয়েছে। মুম্বাই পুলিশ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, তবে অভিনেত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
তনুশ্রীদত্ত TanushreeDutta BollywoodNews SushantSinghRajput CelebritySafety