পঞ্চগড় জেলার বোদা উপজেলায় অনুষ্ঠিত হলো “জুলাই পুনর্জাগরণ: সমাজ গঠনে শপথ” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী ও তাৎপর্যপূর্ণ আলোচনা সভা ও শপথ অনুষ্ঠান। বোদা উপজেলা প্রশাসন ও সমাজ সেবার আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজির।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে অংশ নেন। বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বোদা উপজেলা প্রধান সমন্বয়কারী শিশির আসাদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ বোদা উপজেলা সেক্রেটারি জান্নাতুল বারী মানিক , উপজেলা বিএনপি সেক্রেটারি আসাদুল্লাহ, ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত প্রবীণ সমাজকর্মী আব্দুস সাত্তার, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ওমর ফারুকসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “জুলাই মানে শুধু একটি ক্যালেন্ডারের পৃষ্ঠা নয়, এটি প্রতিরোধ, প্রতিবাদ এবং পুনর্জাগরণের প্রতীক। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বোদা থেকে শুরু হলো এক নতুন পথচলা—বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ের সমাজ গড়ার শপথ।”
বক্তব্যে শিশির আসাদ বলেন, “আমরা যারা নতুন প্রজন্মের নেতৃত্ব দিতে চাই, তাদের জন্য এই জুলাই পুনর্জাগরণ কেবল একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের দায়িত্ববোধ জাগরণের ঘোষণা। ন্যায়বিচারহীন সমাজে উন্নয়ন সম্ভব নয়। আমরা আজ শপথ নিচ্ছি—দুর্নীতির বিরুদ্ধে বলবো, নিপীড়িতের পাশে থাকবো, এবং সমাজ পরিবর্তনের পথে সক্রিয় হবো।”
অনুষ্ঠানের একপর্যায়ে শতাধিক অংশগ্রহণকারী মানুষের সম্মিলিতভাবে শপথ গ্রহণের আয়োজন করা হয়। শপথপাঠ করান ইউএনও শাহরিয়ার নজির। শপথে ছিল—সততা, ন্যায্যতা, মানবিকতা এবং সমাজের প্রতি দায়বদ্ধ থাকার অঙ্গীকার।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিলো এক ধরনের দায়বদ্ধতার বার্তা—এই সমাজ আমাদের, এর বদলের দায়িত্বও আমাদের।
“জুলাই পুনর্জাগরণ: সমাজ গঠনে শপথ” শুধু একটি দিনের আয়োজন নয়, এটি একটি আন্দোলনের সূচনা, যা এই অঞ্চলের মানুষকে নতুনভাবে ভাবতে শেখাবে, একসাথে চলার শক্তি দেবে, এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার সাহস জোগাবে।