যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বাংলাদেশকে আগামী ২৯ জুলাই ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনাতে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
বাংলাদেশ ইতোমধ্যে ২২ জুলাই ইউএসটিআর-এর কাছে নিজের অবস্থানপত্র পাঠায় এবং ২৬ জুলাই আলোচনার সম্ভাব্য সময়সূচির প্রস্তাব দেয়। এরপর ইউএসটিআর ২৯ জুলাইয়ের দিন নির্ধারণ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, “২৯ জুলাই ওয়াশিংটন ডিসিতে ইউএসটিআর অফিসে আলোচনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আলোচনা সরাসরি হলে প্রতিনিধি দল ২৭ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে। তবে আলোচনার ভার্চুয়াল হওয়ার সম্ভাবনাও রয়েছে।”
তিনি আরও জানান, বেসরকারি খাতের কয়েকজন রপ্তানিকারক প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত হতে পারেন-তবে তারা মূল আলোচনায় অংশ নেবেন না।
ট্রাম্প প্রশাসনের অধীনে বাংলাদেশের জন্য ৩৫ শতাংশ শুল্ক হ্রাসের সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করে বাণিজ্য সচিব বলেন, “ইউএসটিআরের সঙ্গে আলোচনায় আমরা এখন পর্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছি। আশা করছি, চূড়ান্ত আলোচনায় শুল্ক হ্রাসের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত আসবে।”
বাংলাদেশ এ আলোচনায় যুক্তরাষ্ট্রকে তুলা, গম, এলএনজি, বিমান এবং কৃষিপণ্য শুল্কমুক্ত আমদানির সুযোগ দিতে চেয়েছে। এরই ধারাবাহিকতায় ২০ জুলাই যুক্তরাষ্ট্রের গম সরবরাহকারীদের সঙ্গে ৭ লাখ টন গম আমদানির চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।
বাণিজ্য সচিব জানান, এই আমদানি পরিকল্পনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও শক্তিশালী হবে এবং পারস্পরিক বাণিজ্য ভারসাম্য উন্নয়নের পথ সুগম হবে।
বাংলাদেশ আশা করছে, আলোচনার সফল পরিসমাপ্তিতে মার্কিন বাজারে পোশাকসহ বিভিন্ন রপ্তানি পণ্যে আর্থিক সুবিধা পাবে, যা সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখতে পারে।