“আমরা আর বস্তাপচা নির্বাচনের ফাঁদে পা দিতে চাই না। নির্বাচন হতে হবে সবার জন্য সমান সুযোগসুবিধাযুক্ত, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। কালো টাকা আর মাস্তানতন্ত্রের খেলা এবার আর বরদাশত করা হবে না।”
এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৩ জুলাই) সিলেটের বিয়ানীবাজারে অনুষ্ঠিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নির্বাচন কমিশন ও প্রশাসনকে হতে হবে নিরপেক্ষ। কোনো প্রিম্যাচিউর্ড নির্বাচন জনগণ মেনে নেবে না। আমরা শক্তিশালী গণতন্ত্র চাই, লোক দেখানো নির্বাচন নয়।”
দেশের অর্থনীতির বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে ‘সংঘবদ্ধ লুটপাট’ ও ‘টাকার বিদেশে পাচার’কে দায়ী করে জামায়াত আমির বলেন, “গত ১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় ২৬ লাখ ৫৮ হাজার কোটি টাকা-যা আমাদের বার্ষিক বাজেটের পাঁচ গুণ। এই অর্থ দেশেই থাকলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত।”
তিনি আরও বলেন, “দুর্নীতি মানে শুধু ঘুষ বা চাঁদা নয়, এর চেয়েও ভয়াবহ হচ্ছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি—যা দেশের ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়।”
সরকারের বিরুদ্ধে গত ৫ আগস্টের গণঅভ্যুত্থান এবং দলের নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়ার প্রসঙ্গ টেনে ডা. শফিক বলেন, “আমাদের কর্মীদের ওপর খুন-গুম, নিষেধাজ্ঞা, নিষিদ্ধ ঘোষণার মধ্যেও আমরা শান্ত থাকার আহ্বান জানিয়েছি। আমরা প্রতিশোধে বিশ্বাস করি না।”
তিনি বলেন, “ওবায়দুল কাদের একসময় বলেছিলেন, ক্ষমতা গেলে পাঁচ লাখ মানুষ মারা যাবে। অথচ আমরা সেই উত্তাল সময়েও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করেছি।”
বহুল আলোচিত জুলাই বিপ্লবের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আমরা কারও ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বে বিশ্বাস করি না। এই বিপ্লবের নায়ক গোটা জাতি। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারগুলোর পাশে আমরা আছি এবং থাকব। সুমাইয়ার মেয়ে সুবাইতার দায়িত্ব জামায়াত নিয়েছে।”
তিনি আরও জানান, প্রতি মাসের শুরুতে শহীদ পরিবারগুলোকে নিয়মিত সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত রয়েছে।
ডা. শফিক বলেন, “আমরা চাই নির্বাচন হোক সবার জন্য সমান সুযোগের, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হোক, স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ হোক। জনগণের সিদ্ধান্তই হোক চূড়ান্ত সিদ্ধান্ত।”
সমাবেশে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম। বক্তব্য রাখেন-
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের
ঢাকা মহানগর উত্তরের আমির ও কেন্দ্রীয় নেতা মুহাম্মদ সেলিম উদ্দিন
সিলেট মহানগর জামায়াত আমির মুহাম্মদ ফখরুল ইসলাম
সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান (সিলেট-১ আসনের প্রার্থী)
অধ্যাপক আবদুল হান্নান (সিলেট-২)
মুহাম্মদ জয়নাল আবেদীন (সিলেট-৪)
সাবেক ইউপি চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি ও শিবির নেতৃবৃন্দ
আয়োজনটি সঞ্চালনা করেন পৌর আমির মোহাম্মদ জমির হোসাইন।
কিওয়ার্ডস:জামায়াত ইসলামী নির্বাচন বার্তা,ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি,বিয়ানীবাজার জনসভা ২০২৫,কালো টাকা ও মাস্তানতন্ত্রের বিরুদ্ধে জামায়াত,৫ আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশ