চাঁদপুর, ২৩ জুলাই:
অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে স্বজনপ্রীতির "সবচেয়ে বড় উদাহরণ" আখ্যা দিয়ে পদত্যাগের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় দলের পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, "বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা-আপনারা চেনেন ওনাকে? উনি ড. মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠজন, গ্রামীণ পরিবারের অংশ। উনার একমাত্র যোগ্যতা এই-তিনি ড. ইউনূসের কাছের মানুষ। এটাই এই সরকারের স্বজনপ্রীতির সবচেয়ে বড় প্রতিচ্ছবি।"
তিনি অভিযোগ করেন, "উনি যেসব সরকারি সুবিধা নিচ্ছেন-বেতন, গাড়ি, প্রটোকল-তা সম্পূর্ণ জনগণের সঙ্গে প্রতারণা। উনার কোনো বাস্তব অভিজ্ঞতা নেই, নেই চিকিৎসা ব্যবস্থা নিয়ে বোঝাপড়াও। তিনি চিকিৎসা, ওষুধনীতি বা জনস্বাস্থ্যের কোনো দিকেই কার্যকর ভূমিকা রাখেননি। অথচ জনগণের অর্থ খরচ করে সিঙ্গাপুরে নিজের চিকিৎসা করাতে যান। এটা অত্যন্ত লজ্জাজনক।"
তিনি আরও বলেন, "যদি নূরজাহান বেগমের ন্যূনতম নৈতিকতা থাকে, তবে তার উচিত অবিলম্বে পদত্যাগ করা এবং এখন পর্যন্ত সরকারি কোষাগার থেকে নেওয়া সকল বেতন-ভাতা ফেরত দেওয়া।"
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা সরকারের সামগ্রিক ব্যর্থতার পাশাপাশি স্বাস্থ্যখাতে অদক্ষ ও অনভিজ্ঞ নেতৃত্বের ফলাফল নিয়েও প্রশ্ন তোলেন।
পথসভায় বক্তারা অভিযোগ করেন, ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে মেধা ও অভিজ্ঞতার বদলে ঘনিষ্ঠতা ও আনুগত্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা প্রশাসনের দক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে।
কিওয়ার্ডস: স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি,স্বজনপ্রীতির অভিযোগ,ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার,স্বাস্থ্যখাতে ব্যর্থতা,
জাতীয় নাগরিক পার্টির সমাবেশ