শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

ছয় দফা দাবিতে উত্তাল মাইলস্টোন: শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলল সরকার

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-২২ ১৩:১৪:৪৬
ছবি সংগৃহিত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে বিক্ষোভে নামে। ঘটনার পর এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তায় অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের সব দাবি ‘যৌক্তিক’ বলে স্বীকৃতি দিয়েছে।
২১ জুলাইয়ের ওই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে ব্যানার, প্ল্যাকার্ড, স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ ও আশপাশের এলাকা। দুপুরে ঘটনাস্থলে পৌঁছান সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে শিক্ষার্থীদের কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মুখেও পড়েন তারা।
এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, “শিক্ষার্থীদের উপস্থাপিত ছয়টি দাবির প্রতিটি যুক্তিযুক্ত এবং তাদের বেদনার সঙ্গে আমরা সহমর্মী। ইতোমধ্যেই তথ্যকেন্দ্র স্থাপন, ক্ষতিপূরণ প্রক্রিয়া ও মানসিক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে।”
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “স্কুল প্রাঙ্গণে স্থাপিত তথ্যকেন্দ্রে নিহত, আহত ও নিখোঁজদের সর্বশেষ তথ্য হালনাগাদ করা হচ্ছে। পরিবারগুলোর পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদানের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা ট্রমা ম্যানেজমেন্টেও গুরুত্ব দিচ্ছি।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী জনসমাগম নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কিছু সদস্যের আচরণে যে ভুল হয়েছে, তা গভীর অনুশোচনার সঙ্গে দেখা হচ্ছে এবং বিষয়টি সেনা কর্তৃপক্ষকে জানানো হবে।
শিক্ষা উপদেষ্টা ড. আবরার বলেন, “এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ আমরা বুঝি। পরীক্ষার নতুন তারিখ ২৪ জুলাইয়ের পর নিয়মিত পরীক্ষার শেষে ঘোষণা করা হবে।”
শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
১. নিহতদের পূর্ণাঙ্গ নাম ও পরিচয় প্রকাশ।
২. আহতদের সঠিক ও আপডেটেড তালিকা প্রকাশ।
৩. শিক্ষকদের গায়ে হাত তোলার ঘটনায় সেনাবাহিনীর নিঃশর্ত ক্ষমা।
৪. নিহতদের পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ।
৫. ঝুঁকিপূর্ণ পুরনো প্লেন বাতিল করে আধুনিক প্লেন চালু।
৬. মানবিক ও নিরাপদ প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ ঘাঁটি স্থানান্তর।


প্রেস উইংয়ের বিবৃতিতে আরও বলা হয়, মাইলস্টোনের ঘটনাটি পুরো জাতির জন্য হৃদয়বিদারক। এটি দুর্ঘটনা হলেও এর দায় এড়িয়ে যাওয়া হবে না। ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে, সে লক্ষ্যে বিমানবাহিনীকে নির্দেশনা দেওয়া হচ্ছে।
ছাত্রদের এই ক্ষোভ ও বেদনার বহিঃপ্রকাশকে রাজনৈতিক বিশ্লেষকরা গণতান্ত্রিক চেতনার অংশ হিসেবে দেখছেন। সরকারও দ্রুত সাড়া দিয়ে এক নতুন বার্তা দিল-নিরাপত্তা ও জবাবদিহির প্রশ্নে কোনো ছাড় নয়।

 

-মাইলস্টোনবিমানদুর্ঘটনা,ছয়দফা,UttaraPlaneCrash,MilestoneStudentsProtest,BangladeshEducationCrisis


এ জাতীয় আরো খবর