জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রজনতার উপর হামলার অভিযোগে শিক্ষক নেতা অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিঞাকে আসামি করার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। একই সাথে মামলা থেকে অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিঞার নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। আজ (বুধবার) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় খ্যাতিমান শিক্ষাবিদ ও জাতীয় শিক্ষক নেতা অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিঞা বাংলাদেশে শিক্ষা ও শিক্ষকের অধিকার আদায়ের আন্দোলনে কাজ করে যাওয়া সংগঠন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা কমিটির সভাপতি। তিনি একজন নিবেদিত প্রাণ ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার উপর হামলার সাথে তাঁর দূরতম সম্পর্কও ছিলো না। বাকবিশিস নেতৃবৃন্দ উল্লেখ করেন, একজন শিক্ষক নেতাকে সম্পূর্ণ হীন রাজনৈতিক উদ্দ্যেশ্যে মামলার আসামি করায় আমরা বিস্মিত, হতাশ ও উদ্বিগ্ন।
তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সম্পূর্ণ নিঃশর্তভাবে অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিঞার নাম প্রত্যাহারের দাবি জানান।