বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে আবারও গৌরব অর্জন: উদ্ভাবনে দেশের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

  • সকালের আলো ডেস্ক:
  • ২০২৫-০৭-১১ ১৮:২০:১৮
ছবি সংগৃহিত

বাংলাদেশের কৃষিভিত্তিক উচ্চশিক্ষার পথপ্রদর্শক গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আবারও আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছে। ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ফর ইনোভেশন (WURI) ২০২৫’-এর ঘোষিত তালিকায় প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে গাকৃবি বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে।
গতকাল (বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫) WURI কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ‘টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন’ এবং ‘গ্লোবাল টপ ইনোভেটিভ ইউনিভার্সিটিজ’ ক্যাটাগরিতে গাকৃবি প্রথম হয়েছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে।
বিশ্বব্যাপী প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী শিক্ষায় অবদান রাখা শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাকৃবির অবস্থান ৭৭তম, আর উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়গুলোর সর্বমোট তালিকায় (শীর্ষ ৪০০) গাকৃবি রয়েছে ৩৩১তম স্থানে-যা বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী সাফল্য।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এই গৌরবপূর্ণ অর্জন নতুন কিছু নয়। এর আগে WURI ২০২৪-এও প্রযুক্তি ও উদ্ভাবনে দেশের শীর্ষ অবস্থানে ছিল গাকৃবি। চলতি বছরের শুরুতেই টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাঙ্কিং-২০২৫-এ ‘লাইফ সায়েন্স’ ক্যাটাগরিতে প্রথম স্থান দখল করে নেয় তারা, যেখানে দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলেছিল গাকৃবি।
এছাড়া THE এশিয়া র‍্যাঙ্কিং ২০২৫-এ গাকৃবি দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক নম্বরে ছিল। জুন মাসে THE ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৫-এও গাকৃবি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেরা স্থান অর্জন করে।
এর পাশাপাশি, সিমাগো র‍্যাঙ্কিংয়ে ২০২১ ও ২০২২ সালে গাকৃবি ছিল টানা দুই বছর দেশের সেরা গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়, এবং QS র‍্যাঙ্কিং ২০২৩-এও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ছিল সম্মানজনক অবস্থানে।
বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যের পেছনে যাদের অবদান রয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গাকৃবি উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন- “WURI র‍্যাঙ্কিং ২০২৫-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এই গৌরবপূর্ণ অবস্থান শুধু গর্বের নয়, বরং এটি প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনভিত্তিক বাংলাদেশের উচ্চশিক্ষা অগ্রযাত্রারই প্রতিফলন। আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের সম্মিলিত পরিশ্রম, নিষ্ঠা ও একাগ্রতা এই সাফল্য এনেছে।”
তিনি আরও বলেন- “সরকার, ইউজিসি ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহায়তা আমাদের এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। আমরা একটি ‘গ্লোবাল মডেল’ গড়ে তুলতে চাই—যেখানে কৃষি, প্রযুক্তি ও বাস্তবমুখী জ্ঞানের সংমিশ্রণে বাংলাদেশ হবে উদ্ভাবনের কেন্দ্রবিন্দু।”
এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি প্রমাণ করে যে, সঠিক নেতৃত্ব, সুসংগঠিত গবেষণা কার্যক্রম এবং বাস্তব ভিত্তিক পাঠ্যক্রম কিভাবে একটি বিশ্ববিদ্যালয়কে বিশ্বপর্যায়ে স্থান করে দিতে পারে। গাকৃবির এই অব্যাহত সাফল্য শুধু একটি প্রতিষ্ঠানের অর্জন নয়, বরং এটি দেশের কৃষি ও প্রযুক্তি শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত।

কিওয়ার্ডস:গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং ২০২৫, WURI 2025 Bangladesh, গাকৃবি টেকনোলজি ইনোভেশন, বাংলাদেশের সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়, ইনোভেটিভ ইউনিভার্সিটি বাংলাদেশ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সাফল্য, কৃষি প্রযুক্তি শিক্ষা, THE র‍্যাঙ্কিং বাংলাদেশ, QS র‍্যাঙ্কিং গাকৃবি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গ্লোবাল র‍্যাঙ্ক


এ জাতীয় আরো খবর