শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

এসএসসি পরীক্ষার ফল প্রকাশে আনন্দ-বেদনার মিলনমেলা:আত্মহত্যায় ঝরলো ৫ প্রাণ,২ জনের আত্মহত্যার চেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-১০ ২৩:০৪:১২

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেশের বিভিন্ন এলাকায় উৎসব-আনন্দের পাশাপাশি নেমে এসেছে বিষাদের ছায়া। ফলাফল প্রত্যাশিত না হওয়ায় পাঁচজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে এবং দুজন শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে।
গাইবান্ধা, হবিগঞ্জ, কক্সবাজার ও বগুড়া-এই চার জেলার পাঁচজন শিক্ষার্থী আজকের ফল প্রকাশের পর আত্মহননের পথ বেছে নিয়েছে। এদের মধ্যে তিনজনই গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার।
গাইবান্ধার সদর, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে তিন ছাত্রী আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে।
সদর উপজেলার বুড়িখামার গ্রামের তাসলিমা আক্তার তিশা নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন।
পলাশবাড়ীর নুরপুর গ্রামের ছাত্রী লাবন্য খাতুন গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
সাদুল্লাপুর উপজেলার রুম্পা আক্তার আত্মহত্যার চেষ্টা করলেও তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হবিগঞ্জের মাধবপুরে ফারজানা আক্তার প্রীতি (১৬) নামের ছাত্রী ফলাফলে অকৃতকার্য হয়ে আত্মহত্যা করে।
কক্সবাজারে প্রিয়তম রুদ্র (১৬) নামের এক কিশোর ফলাফল প্রকাশের কিছুক্ষণ পর নিজ বাসায় আত্মহত্যা করে।
বগুড়ার শেরপুর উপজেলার আরডিএ এলাকায় সুমাইয়া আক্তার (১৭) নামের এক শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ না পাওয়ার অভিমানে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং এলাকার আব্দুল বারীর মেয়ে।
কুষ্টিয়ার খোকসা উপজেলার আজইল গ্রামের রাব্বি বিশ্বাস (১৭) নামের এক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় চারটি বিষয়ে ফেল করায় মানসিক চাপে পড়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে সে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
একদিনে এতগুলো শিক্ষার্থী আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টা করায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষাবিদ ও মনোরোগ বিশেষজ্ঞরা মনে করছেন, পরিবারের অতিরিক্ত প্রত্যাশা, সামাজিক চাপ এবং মানসিক স্বাস্থ্যসেবার অভাব এসব আত্মহননের পেছনে মূল চালিকাশাঠি।
শিক্ষা মনোবিজ্ঞানী ড. মেহরাব হোসেন বলেন- “আমাদের সমাজে ব্যর্থতাকে যেভাবে দেখা হয়, তা কিশোর-কিশোরীদের ওপর ভয়াবহ মানসিক চাপ সৃষ্টি করে। শিক্ষার্থীদের সঙ্গে পরিবার ও বিদ্যালয়ের আরও মানবিক যোগাযোগ জরুরি।”
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল প্রকাশের দিন কাউন্সেলিং সেশন রাখা
জিপিএ নয়, শেখা ও বিকাশে গুরুত্ব দেওয়া
পরিবারের প্রত্যাশা নিয়ন্ত্রণে রাখা ও সহানুভূতিশীল আচরণ
জেলা পর্যায়ে হেল্পলাইন চালু ও মানসিক স্বাস্থ্য ইউনিট স্থাপন

ফলাফল ঘোষণার পরপরই সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতি বার্তা দেওয়ার একটি নিয়মিত ব্যবস্থা গড়ে তুলতে হবে। একইসাথে বোর্ড পর্যায়ে “Post-Result Emotional Support Cell” গঠনের প্রয়োজনীয়তা উঠে এসেছে।
এসএসসি ফলাফল জীবনের একটি ধাপ মাত্র। এটি কখনও জীবনের শেষ কথা হতে পারে না। প্রতিটি হারিয়ে যাওয়া প্রাণ আমাদের সমাজ, শিক্ষা ও মনস্তত্ত্বের জটিল সংকটকে সামনে এনে দেয়। এ থেকে বের হতে হলে পরিবার, শিক্ষক, প্রশাসন এবং সমাজকে একযোগে এগিয়ে আসতে হবে।

কীওয়ার্ডস: SSC Result Suicide 2025, এসএসসি ফেল আত্মহত্যা বাংলাদেশ, ফলাফল আত্মহত্যা খবর, SSC result depression Bangladesh, শিক্ষার্থীর আত্মহত্যা SSC ফলাফল, গাইবান্ধা ছাত্রীর আত্মহত্যা, ফেল করায় আত্মহত্যা ২০২৫, SSC ফলাফল মনস্তাত্ত্বিক চাপ

 


এ জাতীয় আরো খবর