বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

‘শাপলা’ প্রতীক চাইলো জাতীয় সমন্বয় পার্টি,নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৬-২২ ১৬:৫৪:৪৫
ছবি সংগৃহিত

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয় সমন্বয় পার্টি (এনসিপি)। নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় নাম লেখাতে রোববার (২২ জুন) নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দিয়েছে দলটি। দলটির পক্ষ থেকে আবেদনপত্রের সঙ্গে প্রস্তাবিত প্রতীক হিসেবে জাতীয় ফুল ‘শাপলা’-কে দাবি করা হয়েছে।
ইসির নির্ধারিত সময়সীমার শেষ দিনে আবেদন জমা দেয় দলটি। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করা হয়েছে দলের গঠনতন্ত্র, কেন্দ্রীয় নেতাদের তালিকা, জেলা ও উপজেলা পর্যায়ের কমিটি, প্রাথমিক সদস্য তালিকা, ভোটার তথ্যভাণ্ডার ও সাংগঠনিক কাঠামো। এনসিপি দাবি করেছে, তারা এরই মধ্যে ৩০টির বেশি জেলায় পূর্ণাঙ্গ কমিটি এবং ১৩০টিরও বেশি উপজেলায় সাংগঠনিক ভিত্তি গড়ে তুলেছে।
দলের আহ্বায়ক কমিটির এক সদস্য জানান, শাপলা প্রতীকটি বেছে নেওয়ার পেছনে রয়েছে ঐতিহাসিক ও সাংস্কৃতিক আবেগ। তার ভাষায়, “শাপলা আমাদের জাতীয় ফুল-শান্তি, শৃঙ্খলা আর ঐক্যের প্রতীক। রাজনীতিকে আমরা সংঘাত নয়, সংলাপ ও সমন্বয়ের প্ল্যাটফর্মে নিতে চাই।”
তিনি আরও বলেন, এনসিপি রাজনীতিতে নতুন ধারা, নতুন প্রজন্ম এবং মূল্যবোধভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়। এজন্যই তারা শাপলার মতো এক প্রতীকী বার্তা নিয়ে এগিয়ে আসছেন।
ইসি সূত্রে জানা গেছে, এনসিপির জমা দেওয়া আবেদনপত্র ও দলীয় তথ্যাদি বর্তমানে যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে। ইসির সংশ্লিষ্ট বিভাগ এখন দলটির গঠনতন্ত্র, জেলা কমিটির সংখ্যা, ভোটার সদস্য তালিকা এবং সাংগঠনিক কাঠামো বিশ্লেষণ করছে। ইসির একজন কর্মকর্তা জানান, “এনসিপির দলীয় কাঠামো ও কাগজপত্র আপাতদৃষ্টিতে যথাযথ ও পূর্ণাঙ্গ মনে হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তথ্য যাচাই শেষেই নেওয়া হবে।”
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চলতি বছর মোট ৩১টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর মধ্যে বেশ কয়েকটি দল মাঠ পর্যায়ে তেমন সাংগঠনিক শক্তি গড়ে তুলতে না পারলেও, জাতীয় সমন্বয় পার্টির প্রস্তুতি ও কাঠামোগত দিক থেকে এগিয়ে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
একজন জ্যেষ্ঠ নির্বাচন বিশ্লেষক বলেন, “যেহেতু এনসিপি একটি স্বচ্ছ কাঠামো এবং জাতীয় প্রতীকভিত্তিক আবেগকে সামনে রেখে এগোচ্ছে, তাই এটি সহজেই সাধারণ জনগণের আগ্রহের কেন্দ্রবিন্দু হতে পারে।”
রোববার একদিনেই আরও ৭টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনপত্র জমা দিয়েছে বলে ইসি সূত্র জানিয়েছে। তবে, নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, নিবন্ধনের মানদণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না। প্রতিটি দলের ক্ষেত্রেই সাংগঠনিক কাঠামো, ভোটার উপস্থিতি, রাজনৈতিক কার্যক্রম এবং নিয়মিত কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা খতিয়ে দেখা হবে।
নিবন্ধন পেলে জাতীয় সমন্বয় পার্টি (এনসিপি) দেশের রাজনীতিতে নতুন এক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দলটি স্বচ্ছ রাজনৈতিক বার্তা ও সাংগঠনিক শক্তির মাধ্যমে একটি বিকল্প রাজনৈতিক চিত্র নির্মাণে আগ্রহী বলেও মনে করা হচ্ছে।

 


এ জাতীয় আরো খবর