সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

বঙ্গবন্ধু শেখ মুজিবসহ ১৯৭০ সালের নির্বাচিত নেতা‌দের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল: ইতিহাসের পুনর্লিখন!

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৬-০৪ ০০:৫০:৪৩

ঢাকা | ৪ জুন ২০২৫
বাংলাদেশের ইতিহাসে এক নতুন বিতর্কের জন্ম দিল আইন মন্ত্রণালয়ের এক ব্যতিক্রমী অধ্যাদেশ। ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে বিজয়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ চার শতাধিক রাজনৈতিক নেতার মুক্তিযোদ্ধা হিসেবে দেওয়া রাষ্ট্রীয় স্বীকৃতি বাতিল করেছে সরকার। নতুন ঘোষণায় তাদের পরিচয় ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
এই সিদ্ধান্ত শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সামাজিক-মানসিক পরিমণ্ডলেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একপক্ষ বলছে এটি ‘মুক্তিযুদ্ধের চেতনার সাথে সংঘর্ষ’, অন্যপক্ষ বলছে ‘এটা স্বচ্ছতার প্রয়াস মাত্র’।
৩ জুন (মঙ্গলবার) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসেলেটিভ ও সংসদ বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সংশোধিত এই অধ্যাদেশের মাধ্যমে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পুনর্বিন্যাস করা হয়, যার পরিপ্রেক্ষিতে এই নেতৃবৃন্দের পূর্ববর্তী স্বীকৃতি বাতিল বলে গণ্য করা হয়।
অধ্যাদেশে উল্লেখ করা হয়, “পর্যালোচনায় দেখা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তি‌দের অনেকে সরাসরি অস্ত্রধারণ করে যুদ্ধ করেননি বা নির্ধারিত সামরিক দায়িত্বে অংশ নেননি। তাই তাদের শ্রেণীকরণ পরিবর্তন করা হলো।”
স্বীকৃতি বাতিলের তালিকায় শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবই নন, আছেন মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ওয়ার কাউন্সিলের সদস্য এম মনসুর আলী, ক্যাপ্টেন এম এ মজিদসহ আরও বহু ঐতিহাসিক রাজনৈতিক নেতৃবৃন্দ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব প্রতিক্রিয়ায় বলেন, “যিনি এই জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন, স্বাধীনতা সংগ্রামের প্রতিটি স্তম্ভে যিনি নেপথ্য নায়ক ছিলেন, তাকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া মানে ইতিহাসের প্রতি চরম অবমাননা। এটা কোনো নিরপেক্ষ সিদ্ধান্ত নয়, এটি জাতিকে মেরুকরণের অপচেষ্টা।”
নতুন অধ্যাদেশ অনুযায়ী, শুধু প্রবাসী সরকার নয়, আরও চার শ্রেণির পূর্বস্বীকৃত মুক্তিযোদ্ধাকে এখন ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদের মধ্যে রয়েছেন—
রাজনৈতিক নেতৃবৃন্দ
সংগঠক
প্রশাসনিক কর্মকর্তা
চিকিৎসা ও পুষ্টি সহায়তায় নিযুক্ত ব্যক্তি
সাংবাদিক ও সংস্কৃতিকর্মী

এই পদক্ষেপের মধ্য দিয়ে মূলত এক শ্রেণির মুক্তিযোদ্ধার স্বীকৃতিকে সরাসরি যুদ্ধক্ষেত্রের অংশগ্রহণের ভিত্তিতে সংজ্ঞায়িত করা হলো। তবে অনেকেই বলছেন, “মুক্তিযুদ্ধ কেবল অস্ত্রধারণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না।”
আইন মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে “মুক্তিযোদ্ধা তালিকার নির্ভরযোগ্যতা নিশ্চিত করার প্রয়াস” হিসেবে দেখছে। তাদের ভাষ্যমতে, অনেকেই মুক্তিযোদ্ধা পরিচয়ে সুযোগ-সুবিধা গ্রহণ করলেও প্রমাণিতভাবে যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেননি।
মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “এই সিদ্ধান্ত প্রশাসনিকভাবে গ্রহণ করা হয়েছে। কেউ যদি এতে আপত্তি করেন, তারা নির্ধারিত সময়ে আপিল করতে পারবেন। চূড়ান্ত সিদ্ধান্ত উচ্চপর্যায়ের পর্যালোচনার মাধ্যমে নেওয়া হবে।”
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত একধরনের ইতিহাস পুনর্লিখনের চেষ্টা হিসেবেও দেখা যেতে পারে। কারণ, মুক্তিযুদ্ধ ছিল একটি সম্মিলিত জনযুদ্ধ-যেখানে রাজনীতি, কূটনীতি, সংগঠন, সামরিক কৌশল-সবকিছু মিলেই সফলতা এসেছিল।
রাজনৈতিক বিশ্লেষক ড. নাসরিন হোসেন বলেন, “আপনি বঙ্গবন্ধুকে কাগজে কলমে মুক্তিযোদ্ধা না মানলেও ইতিহাস তাকে যুদ্ধের নেতা হিসেবেই চিহ্নিত করবে। সরকারি ঘোষণা দিয়ে এই ঐতিহাসিক সত্য পাল্টানো যাবে না।”
এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন বাদপড়া রাজনৈতিক নেতা ও তাদের উত্তরসূরিরা। ইতোমধ্যে একাধিক ব্যক্তি ও সংগঠন উচ্চ আদালতে যাওয়ার চিন্তাভাবনা করছেন।
মুক্তিযোদ্ধা সংসদের এক উপদেষ্টা বলেন, “এই সিদ্ধান্ত কেবল প্রশাসনিক ভুল নয়, এটি সংবিধানের ৩৮ ও ৪১ অনুচ্ছেদেরও লঙ্ঘন। আমরা বিচার বিভাগীয় প্রতিকার চাইব।”
সর্বোপরি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘মুক্তিযোদ্ধার’ স্বীকৃতি থেকে বাদ দেওয়া নিয়ে তৈরি হয়েছে সর্বাধিক সমালোচনা। কারণ, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে তাঁর নাম এক প্রাজ্ঞ এবং অপরিহার্য সত্তা। কেউ কেউ বলছেন,
“বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা যায় না-তাকে ‘সহযোগী’ বলাও এক ধরনের অপমান।”
এই অধ্যাদেশের মাধ্যমে নতুন করে উত্থাপিত হলো একটি গভীর প্রশ্ন-মুক্তিযোদ্ধা হওয়ার যোগ্যতা কী? কেবল অস্ত্রধারী হওয়াই কি যথেষ্ট? নাকি নেতৃত্ব, সংগঠন, কৌশল, প্রেরণার ভূমিকাও গুরুত্বপূর্ণ?
এখন এই সিদ্ধান্ত আদৌ টিকে থাকে কিনা, নাকি আদালতের রায়ে পরিবর্তিত হয়-তা সময়ই বলে দেবে। তবে এটুকু নিশ্চিত, মুক্তিযুদ্ধের ইতিহাসে এই অধ্যাদেশ একটি বিতর্কিত বাঁক হয়ে রয়ে যাবে।

তথ্যসূত্র: সরকারি অধ্যাদেশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিশ্লেষক মতামত ও মাঠপর্যায়ের প্রতিক্রিয়া।


এ জাতীয় আরো খবর