শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

এক ঠিকানায় সব সেবা: শুরু হলো ‘নাগরিক সেবা বাংলাদেশ’

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৫-২৭ ০০:২৯:৫৪
ছবি সংগৃহিত

সরকারি সেবা এখন নাগরিকদের একদম দোরগোড়ায়-এই লক্ষ্য নিয়ে চালু হলো নতুন উদ্যোগ ‘নাগরিক সেবা বাংলাদেশ’। রাজধানীর গুলশান, উত্তরা ও নীলক্ষেতে পাইলট প্রকল্প হিসেবে চালু হয়েছে নাগরিক সেবা কেন্দ্র। এর মধ্যে গুলশান ও উত্তরায় কার্যক্রম শুরু হয়েছে, নীলক্ষেতেও শিগগির চালু হবে।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
কী থাকছে এই সেবায়?
এই সেবাকেন্দ্রগুলো থেকে মানুষ পাবেন:
জাতীয় পরিচয়পত্র সংশোধন ও নবায়ন
পাসপোর্ট আবেদন
কর ফাইলিং
জন্মনিবন্ধনসহ নানা সরকারি ডিজিটাল সেবা
এসব সেবা দেবেন প্রশিক্ষিত স্থানীয় উদ্যোক্তারা, যারা নির্দিষ্ট স্থানে ভাড়া নিয়ে এই সেবাকেন্দ্র পরিচালনা করবেন।

প্রফেসর ইউনূস বলেন, “এই উদ্যোগ দালালদের দৌরাত্ম্য কমাবে, হয়রানি বন্ধ করবে এবং জনগণ সহজে সেবা পাবে।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি ব্যবস্থা চাই, যাতে জন্মের সময়ই শিশুরা জন্মনিবন্ধনের সনদ পায়।”

প্রধান উপদেষ্টা জানিয়েছেন, প্রবাসীদের জন্যও এমন সেবাকেন্দ্র গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “সব সেবা যেন এক জায়গা থেকে পাওয়া যায়, সেটাই লক্ষ্য।”
আইসিটি বিভাগের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এই কেন্দ্রগুলো শুধু সেবা দেবে না, যুব সমাজ ও নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
তিনি বলেন, “দেশের অব্যবহৃত পোস্ট অফিস বা সরকারি ভবনকে ব্যবহার করে এই সেবাকেন্দ্র চালানো হবে। এটি হবে একটি সামাজিক ব্যবসা, যেখানে লাভ নয়, মানুষের উপকারই হবে মূল লক্ষ্য।”
উদ্যোক্তারা নিজেরাই সেন্টার চালাবেন
নির্দিষ্ট ভাড়ায় জায়গা নেবেন
ইউটিলিটি ও নিরাপত্তার দায়িত্বও থাকবে তাদের
সেবার মান বজায় না থাকলে লাইসেন্স বাতিল হতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ
ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ
আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী
এলজিআরডি সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী
আইজিপি বাহারুল আলম
পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার
জাতীয় পরিচয়পত্র বিভাগের প্রধান এ এস এম হুমায়ুন কবীর
‘নাগরিক সেবা বাংলাদেশ’ এখনো শুরু মাত্র। তবে এটিই হতে পারে এমন এক ভবিষ্যতের শুরু, যেখানে মানুষ আর দালাল নয়, প্রযুক্তির মাধ্যমে সরাসরি সরকারের সেবা পাবে-সহজে, দ্রুত এবং হয়রানি ছাড়া।


এ জাতীয় আরো খবর