সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

স্পেনে গুলিতে নিহত ইউক্রেনের সাবেক শীর্ষ নেতা অ্যান্ডরি পোর্টনভ

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৫-২২ ১৩:০০:৫৯

স্পেনের রাজধানী মাদ্রিদে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ইউক্রেনের সাবেক প্রভাবশালী রাজনীতিক ও সাবেক উপপ্রধান অ্যান্ডরি পোর্টনভ। স্থানীয় সময় ২১ মে (বুধবার) সকালে মাদ্রিদের পোজুয়েলো দে আলার্কন এলাকার একটি আমেরিকান স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে।
৫১ বছর বয়সী পোর্টনভ তার সন্তানকে স্কুলে নামিয়ে দিয়ে গাড়ির দিকে ফিরছিলেন, ঠিক তখনই অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ শুনেছেন। একজন শিক্ষার্থী স্প্যানিশ টেলিভিশনে বলেছেন, প্রথমে মনে হয়েছিল আতশবাজির শব্দ। তবে মুহূর্তেই স্পষ্ট হয় যে সেটি এক নির্মম গুলির ঘটনা।
ঘটনার পরপরই স্প্যানিশ পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে হামলাকারীকে খোঁজা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বন্দুকধারীর পরনে ছিল নীল রঙের ট্র্যাকস্যুট। তবে ঘটনার পরপরই তিনি এলাকা ত্যাগ করেন।
অ্যান্ডরি পোর্টনভ ইউক্রেনের রাজনীতিতে এক সময় অত্যন্ত পরিচিত ও বিতর্কিত নাম। তিনি এক সময় ইউলিয়া টিমোশেঙ্কোর রাজনৈতিক দলের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ২০১০ সালে ভিক্টর ইয়ানুকোভিচ রাষ্ট্রপতি নির্বাচিত হলে তিনি তার প্রশাসনে যোগ দেন এবং উপপ্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ইয়ানুকোভিচ ছিলেন রাশিয়াপন্থি প্রেসিডেন্ট, যিনি ২০১৪ সালের বিপুল গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন।
বিক্ষোভের পর পোর্টনভ ইউক্রেন ত্যাগ করেন। তিনি ২০১৯ সালে ভলোদিমির জেলেনস্কি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশে ফেরেন। তবে রাজনৈতিক বিতর্ক ও অভিযোগে জর্জরিত হয়ে পরে আবারও দেশ ছাড়েন।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ অ্যান্ডরি পোর্টনভের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তাদের অভিযোগ ছিল, তিনি ইউক্রেনের বিচার বিভাগে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন এবং সংস্কার বাধাগ্রস্ত করেছেন। এই অভিযোগ তাকে আন্তর্জাতিক মহলে আরও বিতর্কিত করে তোলে।
পোর্টনভের অতীত এবং তার রাশিয়াপন্থি রাজনৈতিক পরিচিতি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা—সব মিলিয়ে তার হত্যার ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকে। তবে এখনো এ বিষয়ে স্পেন বা ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।
এ হত্যা ইউরোপের মাটিতে একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাদ্রিদে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্পেনের আইনশৃঙ্খলা বাহিনী হামলার কারণ ও অপরাধীর পরিচয় উদঘাটনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 


এ জাতীয় আরো খবর