বুধবার, জুন ২৪, ২০২৬

মৌ সু মী দে ব না থ

  • ভালোবাসার অবগুন্ঠনে
  • ২০২৫-০৫-২০ ০২:২৩:৪৮

ভালোবাসার রোদ্দুর সোহাগের
আবডালে জড়িয়ে ধরে 
অভিমানী জানালায়। 
ক্লান্ত মন চায় না কিছুই, 
প্রাচীর ঘেরা অগোছালো হৃদয়
খোঁজে শুধু শান্তির আশ্রয়
আর আলোর ঠিকানা। 

অচেনা পথ মুখ মুখোশের
 ঘেরাটোপে পথিক আচ্ছন্ন, 
কালো পাহাড়ের বিশাল প্রাচীর
গ্রাস করে নিয়েছে জীবনের উপাধ্যায়। 
কত মানুষ ,কত ছবি, কত স্মৃতি
 কত ভুল বোঝাবুঝি,কত ভুলে যাওয়া,
 কত শ্যাওলা জমা পিচ্ছিল পথ, 
আনমনা মন রাখে না হিসেব তার। 

স্মৃতির তটে পলি জমে, হারিয়ে
 গেছে কত চেনা মুখ অচেনার  বিষ্ময়ে।
সময় অপেক্ষা করে না সময়ের ঘড়িতে, 
সময়ের সাথেই কাছে আসা,দূরে যাওয়া, 
ভালোবাসার অবগুন্ঠনে জড়িয়ে 
বিলিন হয়ে যাওয়া সময়ের পলিতে। 
আবার সময় ধেয়ে আসে,নতুন দিগন্ত খুলে, 
নব সূর্যস্নানে নতুনের হাত ধরে। 

ইচ্ছের মাপকাঠিতে জীবন চলে কোথায়? 
 অনিচ্ছা,ইচ্ছা ,ভালোবাসা
ভালো থাকা মন্দ থাকা সবমিলেমিশে 
একসূত্রে গেঁথে আছে জীবন তটে। 
,আঘাত পেতে পেতে , পাথর হয়ে যাওয়া
মান অভিমান,সম্মান অসম্মানের
সূতোয় পাক খেতে খেতে 
ঘূর্ণির মতো ঘুরপাক খেতে থাকে অনর্গল। 

হয়তো এরই নাম জীবন, 
হয়তো এর মধ্যেই ভালোথাকতে হয়, 
আবার হাসিমুখে ভালোবাসতে ও হয় 
নাতো বেঁচে থাকা যায় না... 
 


এ জাতীয় আরো খবর