যখন যা পাই লিখি
সুমনের ছেঁড়া শার্ট লিখি
ধর্ষকের লালসা লিখি
লিখি ধর্ষিতার রক্তাক্ত শাড়ি
জুতোহীন পিতার কহর পড়া পা লিখি
লিখি পরিত্যাক্ত শিশুর ক্ষুধা
মায়ের অবৈধ প্রেমান্ধ নগ্নতা লিখি
সুপেও জলের তৃষ্ণা লিখি নদীর
মুখোশ পড়া সভ্যতার আড়ম্বরপূর্ণ অসভ্যতা লিখি।
উন্নয়ের বিষ পানে মৃত্যু হয়েছে তেরো শত নদীর
ঘুমন্ত যৌবন জেগে ওঠেছে ফুঁসে ওঠে দেশ
বিশুদ্ধ দেশ গড়ার বুকের তৃষ্ণা লিখি নবীনের
ক্ষমতা লোভীদের আত্মসমর্পণ লিখি আজন্ম শত্রুর পায়ে
লিখতে লিখতে ক্লান্ত হয়ে ঘুমের পুরিয়া গিলে ঘুমাই আমি
আমাকে ক্ষমা কর হে ক্ষুধার্ত শিশু
অক্ষমতা ক্ষমা কর
আমি এবার ঘুমাতে চাই খোলা আকাশের নিচে ঘাসের বিছানায় পতঙ্গ হয়ে
এ পতঙ্গ জীবন মেনে নিয়ে
মানুষ নাম বর্জন করে চলে যাব
জোনাকির পাখনায় ভর করে দূর কোনো নক্ষত্রে
মানুষ নামের লজ্জা মুছে ফেলে আমি এখন সুখী পতঙ্গ।