বুধবার, আগস্ট ১৯, ২০২৬

ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যায় মধ্যরাতে উত্তাল বিশ্ববিদ্যালয়: ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৫-১৪ ০১:২৪:৪৮
ছবি সংগৃহিত

ঢাকা, ১৪ মে 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মধ্যরাতেই উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রজনতার চোখে ঘুম নেই-প্রচণ্ড ক্ষোভ, শোক আর প্রশ্ন নিয়ে তারা রাস্তায় নেমেছে। রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হয় টিএসসি এলাকায়।
হঠাৎ শুরু হওয়া এই বিক্ষোভে শিক্ষার্থীরা সাম্য হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্লোগানে প্রকম্পিত করে তোলে রাত্রিকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়। তাদের একটাই প্রশ্ন-ক্যাম্পাস ও তার আশপাশে এতো নিরাপত্তা নিয়ন্ত্রণের মধ্যেও কীভাবে ঘটে গেল এমন একটি প্রাণঘাতী ঘটনা?
নিহত শাহরিয়ার আলম সাম্য (২৫) ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়।
মঙ্গলবার রাতের মধ্যভাগে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে এক বহিরাগত বাইক চালকের সঙ্গে ধাক্কা লাগার পর কথা কাটাকাটি হয় সাম্যের। প্রত্যক্ষদর্শীরা জানান, তর্কের এক পর্যায়ে সেই ব্যক্তি সাম্যের ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঢামেকে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে।
প্রতিবাদের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা জানান, "শাহরিয়ার সাম্য শুধু ছাত্রদল করত বলেই নয়, সে আমাদের মতো একজন শিক্ষার্থী ছিল-তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাতে আমাদের আর চুপ করে থাকা চলে না।"
টিএসসি, রাজু ভাস্কর্য এবং হল চত্বরগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
ছাত্রদের একাংশ অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তরফ থেকে এখনো যথাযথভাবে হত্যাকাণ্ডের নিন্দা বা পদক্ষেপের ঘোষণা আসেনি। এতে হতাশা ও ক্ষোভ আরও বেড়েছে।
তাদের ভাষায়, “একটা ছেলে, আমাদের সহপাঠী, রক্তাক্ত হয়ে মারা গেল, আর প্রশাসন এখনো নিশ্চুপ? এ নীরবতা মানা যায় না।”
বিক্ষোভকারীরা আগামীকাল সকালেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাইবে বলে জানিয়েছে। যদি দাবি মানা না হয়, তবে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও জানায় তারা।

 


এ জাতীয় আরো খবর