শনিবার, মে ২, ২০২৬

আকাশে নেই নভোএয়ার: বন্ধ সব ফ্লাইট, ভবিষ্যৎ অনিশ্চিত

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৫-০৩ ১১:৫৩:৪০
ছবি সংগৃহিত

দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের সব ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে। ২ মে (শুক্রবার) থেকে আকাশে নেই প্রতিষ্ঠানটির কোনো উড়োজাহাজ। সাময়িক বিরতির ঘোষণা দিলেও কবে নাগাদ ফের ফ্লাইট চালু হবে—তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। সংস্থাটির অভ্যন্তরে ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে।
নভোএয়ার কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজ বিক্রির প্রক্রিয়ার মধ্যেই প্রতিষ্ঠানটি সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছে। বহরে থাকা পাঁচটি এটিআর (ATR) উড়োজাহাজ পরিদর্শনের কাজ শুরু হয়েছে এবং মে মাসের মধ্যেই বিক্রির কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সিদ্ধান্তের আগেই, ২০ এপ্রিল থেকে টিকিট বিক্রি স্থগিত করেছিল নভোএয়ার। পরে সমালোচনার মুখে বিক্রি আবার চালু হলেও ২ মে থেকে সকল ফ্লাইট হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। এখন প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও অন্যান্য প্ল্যাটফর্মে আর কোনো টিকিট বুকিংয়ের অপশনও পাওয়া যাচ্ছে না।
দীর্ঘদিন ধরে বহর সম্প্রসারণ ও আন্তর্জাতিক রুটে প্রবেশের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। বরং চরম আর্থিক সংকটে পড়ে বিনিয়োগ না পেয়ে একের পর এক কার্যক্রম সংকুচিত করেছে প্রতিষ্ঠানটি। একমাত্র আন্তর্জাতিক রুট কলকাতার ফ্লাইট ২০২৩ সালের সেপ্টেম্বরেই বন্ধ হয়ে যায় যাত্রী সংকটের কারণে।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, সম্ভাব্য এক বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা চলছে। আলোচনা সফল হলে বিমান বিক্রি ছাড়াই আবার ফ্লাইট চালু হতে পারে। তবে বিনিয়োগ নিশ্চিত না হলে প্রতিষ্ঠানটিকে অন্তত তিন মাসের জন্য ফ্লাইট স্থগিত রাখতে হবে বলেও জানান তিনি। এ সময়ে কর্মীদের বেতন প্রদান অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন।
২০১৩ সালে যাত্রা শুরু করা নভোএয়ার এ পর্যন্ত উড়োজাহাজ ও অবকাঠামো খাতে মোট ৬০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। তবে ২০১৮–১৯ অর্থবছর বাদে প্রতিটি বছরেই লোকসান গুণতে হয়েছে। করোনাভাইরাস মহামারি, বৈশ্বিক জ্বালানি সংকট এবং অভ্যন্তরীণ বাজারের সঙ্কোচন প্রতিষ্ঠানটির ওপর চাপ বাড়িয়েছে বহুগুণে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুর কবির ভূঁইয়া জানান, নভোএয়ার তাদের আর্থিক সমস্যার কারণেই ফ্লাইট স্থগিত করেছে। সংস্থার পক্ষ থেকে দুই সপ্তাহের মধ্যে পুনরায় চালুর সম্ভাবনার কথা বলা হলেও, সুনির্দিষ্ট কোনো নিশ্চয়তা এখনো নেই।
নভোএয়ারের এই অনির্ধারিত স্থগিতাদেশ দেশীয় এভিয়েশন খাতের জন্য এক বড় ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে, বিশেষত এমন এক সময়ে যখন যাত্রীচাহিদা পুনরায় বাড়তে শুরু করেছে এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রয়োজন ছিল সাহসী বিনিয়োগ ও সময়োপযোগী পরিকল্পনা।

 


এ জাতীয় আরো খবর