কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার রেশ না কাটতেই ভারত ও পাকিস্তানের সম্পর্ক আবারও তীব্র উত্তেজনায় ঠেকেছে। ঠিক এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে সক্ষম।
শুক্রবার (২৫ এপ্রিল) রোমগামী এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, "ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। তবে আমি মনে করি, তারা নিজেদের মধ্যেই সমঝোতার পথ খুঁজে বের করতে পারবে।"
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এল, যখন পেহেলগামে পর্যটকদের ওপর চালানো নৃশংস হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ২৬ জন, যার মধ্যে ছিলেন নেপালের এক নাগরিকও। ভারতের পক্ষ থেকে হামলার জন্য দায়ী করা হয়েছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’কে (টিআরএফ), যা তাদের দাবি অনুযায়ী পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার শাখা সংগঠন। পাকিস্তান অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কাশ্মীরের স্বাধীনতার প্রতি কেবলমাত্র নৈতিক ও কূটনৈতিক সমর্থন দেয়।
ভারত ইতোমধ্যেই পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং বাণিজ্যিক সম্পর্কের অনেকখানি ছেদ ঘটিয়েছে। পাকিস্তানও পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ রেখেছে এবং সীমান্তের কিছু ক্রসিং পয়েন্টও বন্ধ করা হয়েছে।
শুক্রবার নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে, এই সাম্প্রতিক উত্তেজনা ভারতের অর্থনীতিতেও প্রভাব ফেলেছে। মুম্বাইয়ের শেয়ারবাজারে সূচক কিছুটা পড়ে গেছে।
ট্রাম্প জানান, তিনি দুই দেশের নেতাদের ব্যক্তিগতভাবে চেনেন। যদিও এই সংকট নিয়ে তাদের সঙ্গে সরাসরি কোনো কথা হয়েছে কিনা, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাননি।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের মন্তব্য দুই দেশের জন্য একপ্রকার চাপ। কেননা বহির্বিশ্ব এখনো আশা করছে, দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী যুদ্ধের পথে না গিয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমেই উত্তেজনা প্রশমিত করবে।তথ্যসূত্র-রয়টার্স।