চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক এস এম নসরুল কদির।
আজ (মঙ্গলবার) শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এএসএম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফিন্যান্স বিভাগের অধ্যাপক এস এম নসরুল কদিরকে ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন এবং আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।
উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. অনুপম সেন। একই সঙ্গে পদত্যাগ করেছিলেন উপ উপাচার্য ও কোষাধ্যক্ষও। উপচার্যের পদত্যাগের চার মাস পর এই বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এসএম নসরুল কদির। অন্যদিকে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়টির কর্তৃত্ব ফিরে পায় চট্টগ্রাম সিটি করপোরেশন।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পরিবার বিশ্ববিদ্যালয়টির নিয়ন্ত্রণে নেয়। তাদের নিয়ন্ত্রণেই বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হয় গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন পর্যন্ত।
অধ্যাপক এস এম নসরুল কদির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদকের পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।