সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ মিনিটের দুর্নীতিতে ধরা খেলেন শিক্ষক-ছাত্র: দাখিল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের নাটকীয় উন্মোচন

  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৫-০৪-২২ ২১:৫৫:১৬
ছবি সংগৃহিত


 ২২ এপ্রিল, ২০২৫
শুধু ৯ মিনিট। এর মধ্যেই প্রশ্ন ফাঁসের কাণ্ড,সমাধান চক্র,গোপন ভিডিও,ধরা পড়া এবং জেল-দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এতটা নাটকীয়তা একসঙ্গে দেখা গেল নীলফামারীর কিশোরগঞ্জে।
সোমবার সকালে বাংলা প্রথম পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষার আগে বড়ভিটা এইউ ফাজিল মাদ্রাসার শিক্ষক মোজাহিদুল ইসলাম নিজের ছাত্র রোকনুজ্জামানকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠান সকাল ৯টা ৩০ মিনিটে। সঙ্গে সঙ্গেই শুরু হয় সমাধান-মাদ্রাসার এক কক্ষে তিন শিক্ষক বসে প্রশ্নের উত্তর তৈরি করছিলেন, উদ্দেশ্য স্পষ্ট: পরীক্ষার আগে উত্তর পৌঁছে দেওয়া।
কিন্তু ৯টা ৪০ মিনিটে দৃশ্যপটে প্রবেশ করেন এক সাংবাদিক। মোবাইলে ভিডিও ধারণ করার পরপরই উত্তর-ফাঁস চক্র ছত্রভঙ্গ হয়ে যায়। মোবাইল ফেলে রেখে সটকে পড়েন শিক্ষক ও ছাত্রসহ সংশ্লিষ্টরা।
তবুও শেষ রক্ষা হয়নি। সংবাদকর্মীর তথ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক কৌশলে অভিযুক্তদের ডেকে আনেন। নিজ দপ্তরে স্বীকারোক্তি নেওয়ার পর তাদের থানায় পাঠানো হয়।
পরদিন পরীক্ষা কেন্দ্র সচিব মোজাফ্ফর হোসেন বাদী হয়ে মামলা করেন। আটক দুইজনের বিরুদ্ধে ‘পাবলিক পরীক্ষা অপরাধ আইন’-এ মামলা নিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন থানা ওসি আশরাফুল ইসলাম।

কেন গুরুত্বপূর্ণ?
এই ঘটনাটি শুধু প্রশ্ন ফাঁস নয়-এটি প্রশ্ন ফাঁসের চেইনে শিক্ষকের প্রত্যক্ষ অংশগ্রহণের স্পষ্ট দলিল। এটি দেখায়, প্রযুক্তি ও প্রতারণার ব্যবহারে কীভাবে শিক্ষাঙ্গনেও বিশ্বাস ভাঙছে।

প্রশ্ন ফাঁস প্রতিরোধে প্রশাসনিক প্রস্তুতি
ইউএনও জানান, ভবিষ্যতে এমন ঘটনা রোধে পরীক্ষা শুরুর আগেই কেন্দ্র ও সংশ্লিষ্টদের আরও কঠোর নজরদারির আওতায় আনা হবে।


এ জাতীয় আরো খবর