বুধবার, জুন ১০, ২০২৬

প্র দী প গু প্ত

  • হতাশার গান
  • ২০২৫-০৪-১৯ ০১:৫৬:২১

বাতাস যখুনি কানের সামনে এসে
ঘ্যানর ঘ্যানর করে হতাশার কথা বলে
আমি কিছু না বলে মুখটা ঘুরিয়ে বসি
কিছু প্রজাপতি খুঁজে নিয়ে উড়িয়ে দিই
তোমাকে ডাকি, এককাপ চায়ের সাথে
তোমার সঙ্গ পাওয়ার আছিলায়, দুদণ্ড
গল্প জুড়ি, অকারণে চুমু খাই, গান শুনি
তুমিও কিছু না বুঝে খুনসুটি জুড়ে দাও।

কিছুক্ষণ পর, তোমার মন যখন ভরে ওঠে
আদর খেতে আর ভালো লাগেনা, বন্ধ জানালার
ওপাশে বাতাবী ফুলেরা তোমার খোঁপা সাজাবে
বলে জানালায় টোকা দিতে থাকে,
তখনই বাতাসের টনক নড়ে ওঠে,
কোত্থেকে জানি জোগাড় করে আনে একটা তানপুরা
বাজাতে শুরু করে দেয় বসন্তের রাগ।
বাতাবী ফুলের ঘ্রাণ
তানপুরার বসন্তরাগের সাথে মিলেমিশে একাকার।

চাঁদটা ভীষণ লোভী জানো,
কেন জানিনা ওরও তখন যেন ঘুম ভাঙে
মেঘের বিছানা ছেড়ে হাসিমুখে উঁকি দিয়ে বলে
-- এই, আমিও আছি কিন্তু তোমাদের দলে।

আমি জানালা খুলে দিই
ওমনি হুড়োহুড়ি করে ঘর দখলে নেমে পড়ে ওরা।

আমি কখনওই হতাশার গান শুনতে চাইনা
যে কটা দিন আছি, 
সবাইমিলে খুশী থাকার গান ধরি না কেন!


এ জাতীয় আরো খবর